ড্রাইভিং লাইসেন্সসহ সড়ক পরিবহনের সব ফি ‘নগদে’
নগদের ই রিসিট দেখিয়ে সুবিধামত সময়ে ব্যাংক অথবা বিআরটিএ’র নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব সেবার ফি মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
ঢাকার পল্লবীতে বিআরটিএ'র ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সিএনএস লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বিষয়ে চুক্তি হয়েছে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নগদ।
এতে জানানো হয়, মোটরযান নিবন্ধন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও রুট পারমিটসহ যেকোনো সেবার ফি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।
নগদের মাধ্যমে ফি পরিশোধ করলে একটি ই রিসিট পাবেন গ্রাহক; যেটি দেখিয়ে সুবিধামত সময়ে জটিলতা ছাড়াই গ্রাহক ব্যাংক অথবা বিআরটিএ'র নির্ধারিত স্থান থেকে মূল রিসিট সংগ্রহ করতে পারবেন।
নগদের এ ধরনের সেবা চালুর ফলে ‘ক্যাশলেস সোসাইটির’ পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চুক্তি সই অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, কি স্টেকহোল্ডার রিলেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, সিএনএস লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মেজর জিয়াউল আহসান সারোয়ার (অব.) ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
