১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাড়ি-গাড়ির জন্য আইওটিনির্ভর নিরাপত্তা পণ্য এনেছে গ্রামীণফোন

আটটি আইওটি পণ্যের মধ্যে রয়েছে- তিন রকমের ‘ভেহিকেল ট্র্যাকার’, ব্যক্তি বা বস্তু শনাক্তের জন্য আলো ট্র্যাকার, রিমোট সকেট, রিমোট সুইচ, গ্যাস ডিটেক্টর এবং স্মোক ডিটেক্টর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 09:32 PM

Updated : 17 Dec 2023, 09:42 PM

ঘরে আগুন লাগলে বা গ্যাস লিক করলে সংকেত বেজে উঠবে মোবাইল ফোনে। মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করা যাবে ঘরের আলো, পাখাসহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম।

গাড়ি ও বাড়িতে ব্যবহারের উপযোগী এমন নতুন আটটি ‘আইওটি’ পণ্য নিয়ে এসেছে গ্রামীণফোন।

রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘আলো’ ব্র্যান্ডের এসব পণ্য বাজারজাত করার ঘোষণা দেয় টেলিকম খাতের শীর্ষস্থানীয় কোম্পানিটি।

আইওটি বা ইন্টারনেট অব থিংস হল নিত্যদিনের ব্যবহার্য এমন সব বস্তু, যেগুলোর সঙ্গে ইন্টারনেটের সংযোগ রয়েছে এবং সেগুলো মোবাইল ফোনের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যায়।

গ্রামীণফোনের ‘আলো’ ব্র্যান্ডের নতুন আটটি আইওটি পণ্যের মধ্যে রয়েছে- তিন রকমের ‘ভেহিকেল ট্র্যাকার’, ব্যক্তি বা বস্তু শনাক্তের জন্য আলো ট্র্যাকার, রিমোট সকেট, রিমোট সুইচ, গ্যাস ডিটেক্টর ও স্মোক ডিটেক্টর।

সবগুলো পণ্য ওয়াইফাই দ্বারা ইন্টারনেটে সংযুক্ত থাকবে। আলো অ্যাপের মাধ্যমে এই পণ্যগুলোর সেবা মোবাইল ফোন থেকে পাওয়া যাবে।

আগামী ২৬ ডিসেম্বর থেকে গ্রামীণফোনের রাজধানীর গুলশান-২, জিপি হাউস (বসুন্ধরা) এবং চট্টগ্রামে জিইসি মোড়ের এক্সপেরিয়েন্স সেন্টারে আইওটি পণ্যগুলো প্রি-বুক করতে পারবেন গ্রাহকেরা। বিস্তারিত তথ্য পাওয়া যাবে অপারেটরটির ওয়েবসাইটে।

রোববারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিবসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে আসিফ ও সাজ্জাদ নতুন পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানান।

আসিফ বলেন, আলো ভেহিক্যাল ট্র্যাকার, আলো ভেহিক্যাল ট্র্যাকার প্রো এবং আলো ট্র্যাকার ওবিডি নামে তিন রকমের ভেহিক্যাল ট্র্যাকার বাজারে পাওয়া যাবে।

এর মধ্যে ওবিডি ভেহিক্যাল ট্র্যাকার গাড়িতে লাগাতে কোনো তার কাটাছেঁড়া করতে হবে না, ‘প্লাগ অ্যান্ড প্লে’ ডিভাইস হিসেবে সেটি চালানো যাবে।

ভেহিক্যাল ট্র্যাকারে রিয়েল টাইম ট্র্যাকিং ছাড়াও রিমোট ইঞ্জিন লক-আনলক, ইঞ্জিন স্ট্যাটাসসহ প্রয়োজনীয় সব তথ্যই পাওয়া যাবে।

আলো ট্র্যাকার পেন ড্রাইভের মতো ছোট একটি ডিভাইস। এটি মূল্যবান পার্সেল ব্যক্তির কাছে রেখে তার গতিবিধি দেখা যাবে।

তিনি বলেন, রান্নার গ্যাস লিকেজ হলে ‘আলো গ্যাস ডিটেক্টর’ তা শনাক্ত করে ব্যবহারকারীর মোবাইল ফোনে সংকেত দেবে। একইভাবে কাজ করবে আলো স্মোক ডিটেক্টর। ঘরে কোথাও আগুন লাগলে নির্ধারিত মাত্রার বেশি ধোঁয়া উঠলে ওই ডিটেক্টর ব্যবহারকারীর মোবাইলে সতর্কতা সংকেত পাঠাবে। চাইলে একই সঙ্গে সরাসরি ফায়ার সার্ভিসকেও সংকেত পাঠাতে পারবে এই ডিভাইস।

আলো রিমোট সকেট অনেকটা থ্রি পিন কনভার্টারের মতো একটা পণ্য। এটিতে যে ইলেকট্রিক অ্যাপলায়েন্সটি যুক্ত থাকবে সেটি দূর থেকেই নিয়ন্ত্রণ করা যাবে।

আলো সকেটের মাধ্যমে কারও গিজার যুক্ত করা থাকলে বাসায় ঢোকার আগেই ব্যবহারকারী মোবাইল ফোনের মাধ্যমে গিজারের সুইচ অন করে দিতে পারবেন। আর আলো রিমোট সুইচ দিয়ে ঘরের আলো, পাখাসহ যেকোনো বৈদ্যুতিক সরঞ্জাম মোবাইল ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রামীণফোনের প্রত্যেকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার সম্ভাবনাকে অন্তরে ধারণ করেন। স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তসংযোগের সক্ষমতাকে পুঁজি করে আরো নিরাপদ, স্বাস্থ্যকর ও সুখী ভবিষ্যতের পথে প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাওয়ার এখনই সময়।

“আমাদের নতুন আইওটি পণ্যগুলো বাজারে নিয়ে আসার মাধ্যমে আজ বাংলাদেশে ডিজিটাল জীবনযাত্রার ভবিষ্যত রচনায় এক নতুন অধ্যায় যুক্ত হলো।”