২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিকেএমইএতে টানা সপ্তমবার সভাপতি হলেন সেলিম ওসমান

পদের সমান প্রার্থী হওয়ায় এবারও ভোটের প্রয়োজন হয়নি এই সমিতিতে।

বিকেএমইএতে টানা সপ্তমবার সভাপতি হলেন সেলিম ওসমান

এ কে এম সেলিম ওসমান। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 07:05 PM

Updated : 26 Jul 2023, 07:05 PM

প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন প্রক্রিয়ায় টানা সপ্তমবার পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিকে সেলিম ওসমানসহ তার প্যানেলের বাকি সদস্যদের ২০২৩-২০২৫ মেয়াদের জন্য নেতৃত্ব নিশ্চিত হয়।

জাতীয় পার্টির নেতা সেলিম ওসমান সভাপতি হলেও সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমকেই সব ধরনের দাপ্তরিক কাজে সক্রিয় দেখা যায়। হাতেম এবারও সংগঠনটির নির্বাহী সভাপতি হিসাবে থাকছেন। পর্ষদে জ্যেষ্ঠ সহ সভাপতি থাকছেন মনসুর আহমেদ।

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের কথা জানায়।

আগামী দুই বছরের পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।

গত মঙ্গলবার বিকেএমইএর প্রধান কার্যালয়ে ২০২৩-২৫ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়। গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নিট ফোরামের প্রার্থীরা।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন ২৫ জুলাই। যেহেতু নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে, সে কারণে ভোটের আর প্রয়োজন পড়েনি।

পর্ষদের ২৫ জন পরিচালকের মধ্যে ২৪ জনের নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, আশিকুর রহমান, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, মে মিনহাজুল হক, ফওজুল ইমরান খান, খোরশেদ আহমেদ তুনিম। বাকি এক জনের নাম বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে।

এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং এফবিসিসিআই এর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এই বোর্ডের সদস্য।