ছুটির দিনে মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউটরদের লেনদেনের সুযোগ
তবে একদিনে নগদ বা ই মানিতে ৫০ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না।
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানির ডিস্ট্রিবিউটররা এখন থেকে সাপ্তাহিক বন্ধ ও ছুটির দিনে একে অপরের সঙ্গে লেনদেন করতে পারবে।
তবে একদিনে নগদ বা ই মানিতে ৫০ লাখ টাকার বেশি লেনদেন করা যাবে না এবং প্রতিটি লেনদেন ডিজিটাল প্রক্রিয়ায় করতে হবে।
রোববার এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করে তা সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) কোম্পানির নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ছুটির দিনগুলোতে ব্যাংক বন্ধ থাকায় মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউটর ও এজেন্টদের লেনদেনের সুযোগ করে দিতেই আন্তঃডিস্ট্রিবিউটর ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ নামে নতুন এ লেনদেন ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে নগদ অর্থ হাতে থাকা ডিস্ট্রিবিউটররা আরেকজনের কাছ থেকে ই মানি বা মোবাইল হিসাবে অর্থ স্থানান্তর করে নিতে পারবে।
এতে প্রয়োজন অনুযায়ী তারা এজেন্টদের মোবাইলে অর্থ লেনদেন করার সুবিধা দিতে পারবে।
বর্তমানে এমএফএস সেবাদাতা কোম্পানিগুলো ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে ব্যাংকিং চ্যানেলে অর্থ নেওয়ার পর তার হিসাবে সমপরিমাণ ই মানি জমা করে। এরপর ই মানি এজেন্টদের দিলেই তখন লেনদেন সম্ভব হয়।
এ নীতমালার আলোকে নতুন এ লেনদেন ব্যবস্থায় এখন ব্যক্তি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানে মোবাইল হিসাবের মাধ্যমে যেভাবে লেনদেন হয়, ঠিক তেমনি ডিস্ট্রিবিউটর টু ডিস্ট্রিবিউটর লেনদেন করার সুযোগ তৈরি হল।
বর্তমানে বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশের মত ১২টি কোম্পানি এমএফএস সেবা দিচ্ছে। চার কোটি ৫৭ লাখ গ্রাহকের সিংহভাগই তিনটি বড় ব্র্যান্ডের।
বর্তমানে সাপ্তাহিক দুই দিন ও বিভিন্ন সরকারি ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় ডিস্ট্রিবিউটাররা সংশ্লিষ্ট এমএফএস কোম্পানির ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে পারেন না বলে এজেন্টদের ই মানি সরবরাহ করতে পারেন না। এতে মোবাইল ব্যাংকিং লেনদেনে সমস্যা দেখা দেয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক ডিস্ট্রিবিউটর আরেক ডিস্ট্রিবিউটরের সঙ্গে চাহিদা অনুযায়ী ই মানি লেনদেন করতে পারবেন।
নীতিমালায় বলা হয়েছে, বিষয়টি তদারকি ও প্রতিটি লেনদেন ডিজিটালি সম্পন্ন করার কাজ করবে সংশ্লিষ্ট এমএফএস সেবাদাতা। এজন্য এমএফএস কোম্পানির সঙ্গে ডিস্ট্রিবিউটরদের আলাদা চুক্তি করতে হবে।
