রংপুর সিটির হোল্ডিং ট্যাক্স বিকাশে
সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশন ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রংপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা হোল্ডিং ট্যাক্স বা গৃহকর এখন থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি রংপুর সিটি কর্পোরেশন ও মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বাক্ষর অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিকাশের আঞ্চলিক ব্যবস্থাপক গৌরী শংকর পাল, স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আহমেদ রুবায়েতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যেভাবে কর দিতে হবে
বিকাশ অ্যাপের ‘পে বিল’ থেকে ‘সরকারি ফি’ অপশনে ক্লিক করে রংপুর সিটি কর্পোরেশন ট্যাপ করতে হবে। এরপর হোল্ডিং ট্যাক্স নাম্বার দিয়ে সহজেই কর প্রদান সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।
বিকাশ জানায়, কেবল গৃহকর নয়, শিগগির সিটি কর্পোরেশনের অন্যান্য সেবার ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করার সেবা চালু হবে। রংপুর সিটি কর্পোরেশন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দারা বিভিন্ন সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারছেন।
