২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব বাজারে হালাল সনদ গুরুত্বপূর্ণ: শিল্পমন্ত্রী

পণ্যের মানোন্নয়নে ব্যবসায়ীদের ‘মানসিকতায়’ পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্ব বাজারে হালাল সনদ গুরুত্বপূর্ণ: শিল্পমন্ত্রী

ঢাকার তেজগাঁওয়ে রোববার বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 09:20 PM

Updated : 16 Oct 2022, 09:20 PM

রপ্তানির মাধ্যমে বিশ্ব বাজারে প্রবেশের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নতুন ‘হালাল সনদ’ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবসে আয়োজিত ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে- মান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মান সম্পন্ন পণ্য উৎপাদনে জোর দিয়ে মন্ত্রী বলেন, “আজকে চামড়া থেকে শুরু করে মাছ-মাংস, সবকিছুতে হালাল সার্টিফিকেশনের ডিমান্ড আছে সারাবিশ্বে। বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে ইউরোপ আমেরিকাতেও হালাল সনদের চাহিদা বাড়ছে।

“শুধু রপ্তানি পণ্যের ক্ষেত্রে নয়, দেশীয় বাজারেও আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন করতে হবে। এটি বাস্তবায়নে একদিকে যেমন বিএসটিআইয়ের নজরদারি বাড়াতে হবে, অন্যদিকে ব্যবসায়ীদের মাঝেও সততা থাকতে হবে।”

নূরুল মজিদ বলেন, “বাংলাদেশের মান রক্ষা করতে হলে শিশুখাদ্য থেকে শুরু করে সবকিছু বিশ্বমানের হতে হবে। উন্নত মানসিকতা নিয়ে ব্যবসা করতে হবে। তাহলে বিশ্ববাজারে প্রবেশের জন্য সহজ হবে।”

পণ্যের মানের মূ্ল্যায়েন ব্যাপারে ব্যবসায়ীদের ‘রাজনৈতিক প্রভাবমুক্ত’ থাকারও পরামর্শ দেন মন্ত্রী।

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বিসিটিআই শুধু মান না, ওজন নিয়েও কাজ করে। মান নিয়ন্ত্রণে ‘মার্কেট লিডারদের’, মানে মার্কেটে ৮৭% অবদান যাদের, তাদেরকে এগিয়ে আসতে হবে।

“বিএসটিআই ইতোমধ্যে ৮৯টি ল্যাবরেটরি স্থাপন করেছে এবং ২২৯টি পণ্য বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে।”

শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টি লক্ষ্য রাখার অনুরোধ জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “যে খাবার আমার সন্তানকে দিতে পারব না, যে ক্যাথেটার (রক্তনালীতে ওষুধ, স্যালাইন বা রক্ত প্রবেশ করানোর জন্য ব্যবহৃত নল) আমার বাবার শরীরে লাগাতে পারবো না, সেটা যেন সাধারণ মানুষদের না দিই। আল্লাহ মাফ করবে না।”

বিএসটিআইয়ের লোগোর ‘অনৈতিক ব্যবহার’ রোধে কিউআর কোড চালুর প্রস্তাব দেন শিল্প সচিব ।

বিএসটিআই মহাপরিচালক জনেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।