ডলার অন্য ব্যাংকে নিতে পারবেন রপ্তানিকারকরা
রপ্তানিকারকরা পণ্য তৈরিতে আনা কাঁচামাল আমদানির খরচ পরিশোধ করতে অন্য ব্যাংকে ডলার স্থানান্তর করতে পারবেন
রপ্তানি আয় দেশে আসার পর স্থানীয় মূল্য সংযোজনের অংশ ৩০ দিন পর্যন্ত ব্যাংকে সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল ১৫ দিন।
পাশাপাশি সংরক্ষণ করা ওই ডলার অন্য ব্যাংকে স্থানান্তরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে ইআরকিউ হিসাবে থাকা বিদেশি মুদ্রা নগদায়ন না করে ৩০ দিন পর্যন্ত ধরে রাখা যাবে ব্যাংকে। আবার ওই ডলার স্থানান্তর করে ব্যাক টু ব্যাক ঋণপত্র খোলাসহ আমদানি দায় শোধ করা যাবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে নতুন এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে।
ইউক্রেইনে যুদ্ধের কারণে আমদানি ব্যয় বৃদ্ধির পাশপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে ঘাটতি ও রেমিটেন্স প্রবাহ আশানুরূপ না হওয়ায় সম্প্রতি ডলার সংকটে পড়ে দেশের তফসিলি ব্যাংকগুলো। সঠিক সময়ে আমদানি দায় মেটাতে বাড়তি দরে ডলার কিনতে হয় ব্যাংকগুলোকে।
এক পর্যায়ে ব্যাংকে নগদ ডলারের দর ওঠে ১০৭ টাকা, আর খোলা বাজারে এক পর্যায়ে তা রেকর্ড ১২১ টাকায় ওঠে। এখন খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৩-১০৪ টাকায়, যদিও কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করছে ৯৫ টাকা দরে।
ডলার সঙ্কট তীব্র হলে বাণিজ্যিক ব্যাংকের পক্ষে দাবি জানানো হয়, রপ্তানিকারক যে ব্যাংকে বিদেশি মুদ্রা বা রপ্তানি আয় আনবেন, সে ব্যাংকেই নগদায়ন করতে হবে। বাংলাদেশ ব্যাংকও সেই দাবি মেনে নিয়ে অগাস্টের শুরুতে সার্কুলার জারি করে।
এখন আগের নির্দেশনায় পরিবর্তন এনে রপ্তানি আয় অন্য ব্যাংকে নিয়ে ব্যাক-টু-ব্যাংক এলসির (ঋণপত্র) দায় পরিশোধের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলছে, রপ্তানিকারকের আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে রপ্তানি আয় অন্য ব্যাংকে নেওয়া যাবে।
প্রতিটি ব্যাংকেরই বৈদেশিক মুদ্রায় হিসাব পরিচালনা করতে হয় কেন্দ্রীয় ব্যাংকে থাকা এফসি হিসাবের মাধ্যমে। রপ্তানিকারকের আয় অন্য ব্যাংকে নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকে থাকা এফসি হিসাবের মাধ্যমেই নিতে হবে।
এক্ষেত্রে রপ্তানিকারকের আবেদনের পর এফসি হিসাবে বৈদেশিক মুদ্রা থাকা সাপেক্ষে ব্যাংকগুলো অর্থ স্থানান্তর করতে পারবে। তবে তা ৩০ দিনের মধ্যেই করতে হবে। তা না হলে বাজার থেকে বৈদেশিক মুদ্রা কিনে রপ্তানিকারককে পরিশোধ করতে হবে বলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
রপ্তানিকারক অনেক সময় পণ্য তৈরির কাঁচামাল আমদানি করে থাকেন ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে। দেখা যায়, এক ব্যাংকের মাধ্যমে পণ্য রপ্তানি করেছেন আবার পণ্য আমাদানি করেছেন আরেক ব্যাংকের মাধ্যমে।কিন্তু স্থানান্তরের সুযোগ না থাকায় এক ব্যাংকের অ্যাকাউন্টে ডলার জমা থাকার পরও অন্য ব্যাংকে আমদানি ব্যয় মেটাতে ডলার কিনতে হচ্ছিল। ডলারের দর বেড়ে যাওয়ায় তাতে এক্সচেঞ্জ লস বা বিনিময়জনিত লোকসান গুনতে হচ্ছিল উদ্যোক্তাদের।
এখন ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে যে দরে ডলার বিক্রি করছেন, তার চেয়ে অনেক কম দর দিচ্ছেন রপ্তানিকারকদের। এই সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের নিজস্ব ডলার দিয়েই আমদানি ব্যয় মেটানোর সুযোগ দিচ্ছে। আর ব্যাংকগুলোকে ডলার ধরে রাখার সুযোগ ১৫ দিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩০ দিন করেছে।
