১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পল্লবীতে বিক্রয়কেন্দ্রের উদ্বোধনীতে লুটপাটের অভিযোগ

“তারা একটা অফার দিছিল, তাতে ছোট করে লিখা ছিল ‘সিএ’। পাবলিক তো বুঝতে পারেনি, হুড়মুড় করে চলে আসছে,” বলেন ওসি হাসান বাসির।

পল্লবীতে বিক্রয়কেন্দ্রের উদ্বোধনীতে লুটপাটের অভিযোগ
ছবি: ভিডিও থেকে

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 10:51 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

ঢাকার পল্লবীতে ‘লাইভ শপিং’ নামে লাইফস্টাইল পণ্যের একটি বিক্রয়কেন্দ্র উদ্বোধনের দিনে বিশৃঙ্খলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির অভিযোগ, বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে দেওয়া ‘ফ্রি শপিংয়ের অফার’ ঘিরে একদল মানুষ ‘উদ্দেশ্যমূলকভাবে’ বিক্রয়কেন্দ্রে ঢুকে হামলা চালিয়ে লুটপাট চালায়।

শুক্রবার বিকালের এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান পল্লবী থানার ওসি হাসান বাসির।

তিনি বলেন, “তারা একটা অফার দিছিল, সেখানে ছোট করে লিখা ছিল ‘সিএ’ (কন্ডিশন অ্যাপ্লাই)। পাবলিক তো বুঝতে পারেনি, হুড়মুড় করে চলে আসছে। পরে সেখানকার লোকজনের সঙ্গে ঝামেলা বাধছে।

“পরে আমরা গিয়ে লোকজন বের করে দিয়েছি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে শোরুম আজকের মতো বন্ধ করে দিয়ে এসেছি।”

বিকাল ৪টার দিকে ‘লাইভ শপিংয়ের’ ফেইসবুক পেইজ থেকে ‘সাহায্য চেয়ে’ এক পোস্টে বলা হয়, তাদের ওই বিক্রয়কেন্দ্রে কিছু গ্রুপ ইচ্ছা করে ঢুকে মব তৈরির চেষ্টা করছে।

এরপর একাধিক লাইভ ভিডিওতে সেখানকার বিশৃঙ্খলা প্রচার করা হয়। এর ঘণ্টাখানেক পর দেওয়া এক পোস্টে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার খবর দেওয়া হয়।

এরপর একটি লাইভ ভিডিওতে এসে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আশিক খান বলেন, শুক্রবার বিকাল ৩টায় তাদের ওই ‘লাইভ শপিং ফ্যাক্টরি আউটলেটটি’ উদ্বোধনের ঘোষণা ছিল। আর এ উপলক্ষে ৩ হাজার টাকা ফ্রি শপিংয়ের অফার দেওয়া হয়েছিল।

শর্ত প্রযোজ্যের ওই অফারটি ছিল, ন্যূনতম ৩ হাজার টাকার শপিং করলে গোলবারে দুটি শট নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। এরমধ্যে যেকোনো একটি গোল করতে পারলে ৩ হাজার টাকা ‘ক্যাশব্যাক’ পাবেন।

এর ফলে তার আগে ৩ হাজার টাকার কেনাকাটা ‘ফ্রি’ হয়ে যাবে বলে ভাষ্য আশিক খানের।

লাইভে আশিক বিক্রয়কেন্দ্রের ‘লুটপাট’ ও বিক্রয়প্রতিনিধিদের মারধরের কথা জানিয়ে বলেন, ১০-১৫ জন ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে। অনেক গ্রাহকের ব্যাগ চুরি ও জুতাসহ বিভিন্ন পণ্য লুট হওয়ার দাবিও করেন তিনি।

“মানুষ কিনতেছিল এবং খেলতেছিল। উদ্দেশ্যমূলকভাবে ওই লোকগুলো ভেতরে ঢুকে মারছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সবকিছু নষ্ট করা হয়েছে।”

তাদের এই অফার ঘিরে ঘটনার সময় হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

তবে এ বিষয়ে জানতে চেয়ে আশিক খান ও লাইভ শপিংয়ের ফেইসবুক পেইজে প্রশ্ন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

মারধর ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে ওসি হাসান বাসির বলেন, “আমরা এমন কোনো অভিযোগ পাইনি, আমরা প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা এখনো কোনো অভিযোগ দেননি।

“ঘটনার সময় কয়েকশ লোক ছিল, আমরা শুধু সবাইকে সরিয়ে দিয়েছি।”