০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

তারেক রেফাত উল্লাহ খানই ব্র্যাক ব্যাংকের নতুন এমডি

সেলিম আর এফ হোসেন এমডি পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত ২৭ মে থেকে ভারপ্রাপ্ত এমডি (চলতি দায়িত্ব) হিসেবে কাজ চালিয়ে আসছিলেন তারেক রেফাত উল্লাহ খান।

তারেক রেফাত উল্লাহ খানই ব্র্যাক ব্যাংকের নতুন এমডি
তারেক রেফাত উল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব চালিয়ে আসা রেফাত উল্লাহ খানকেই ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দিয়েছে পরিচালনা পর্ষদ। 

তিনি মঙ্গলবার থেকেই এ পদে দায়িত্ব পালন করছেন বলে ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেলিম আর এফ হোসেন এমডি পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত ২৭ মে থেকে ভারপ্রাপ্ত এমডি (চলতি দায়িত্ব) হিসেবে কাজ চালিয়ে আসছিলেন তারেক রেফাত উল্লাহ খান। 

তার আগে তিনি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউটশনাল ব্যাংকিং-এর প্রধান। 

সংবাদ বিজ্ঞপতিতে বলা হয়, “ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানের ট্রান্সফর্মেশনে অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছরের এপ্রিলে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) অ্যান্ড হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে পদোন্নতি দেওয়া হয়।”

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বিবৃতিতে বলেন, “ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও পজিশনের জন্য তারেক রেফাত উল্লাহ খানই আদর্শ লিডার, যিনি ব্যাংকটিকে আগামীর প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবেন। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও বেশি আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান করে গড়ে তুলবে, যার ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহকদের জীবনে, ব্যাংকিং খাতে, সমাজে ও দেশে।”  

২০১৭ সালে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তারেক। তার আগে তিন দশকের বেশি সময় তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে কাজ করেছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি ব্যাংকে কর্মজীবন শুরু করা তারেক পরবর্তী সময়ে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে উদ্ভাবনে ‘বিশেষ দক্ষতার প্রমাণ দিয়েছেন’।

তিনি ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে ক্রেডিট রিস্ক, লোন স্ট্রাকচারিং, করপোরেট গভর্নেন্স, লিডারশিপ ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম (মার্কেটিং) এবং এমবিএ করা তারেক পরে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেছেন।