২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে পিছিয়ে পড়তে হবে: অর্থমন্ত্রী

“সরকার গবেষণার উপর এবার অধিক গুরুত্ব দিয়েছে; এখন উদ্ভাবন নিয়ে আমাদের আরও বেশি চিন্তা করতে হবে,” বলেন তিনি।

পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে পিছিয়ে পড়তে হবে: অর্থমন্ত্রী
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 07:18 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়ানোর ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “নয়তো বিশ্ব আমাদের অনেক আগে চলে যাবে, আমরা পেছনে পড়ে থাকব। আমাদের ছেলেমেয়েদের অনেক মেধা আছে। আমাদের অনেক ভালো গবেষকও আছেন।

“সরকার গবেষণার উপর এবার অধিক গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবন নিয়ে আমাদের আরও বেশি চিন্তা করতে হবে।”

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলছিলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের উদ্ভাবনী শক্তি যাদের আছে, তাদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি চট্টগ্রাম হবে বাংলাদেশের ‘লজিস্টিক হাব’। এখানে চুয়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। পরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

সভায় চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চুয়েট উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম, ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার উপস্থিত ছিলেন।