‘রসদ ওয়েলবিং’ থেকে কম দামে পণ্য পাবেন পার্ল গ্লোবালের কর্মীরা
রসদের ন্যায্যমূল্যের দোকান থেকে এক মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাসহ শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য কেনার সুযোগ পাবে শ্রমিকরা।
পোশাক তৈরির প্রতিষ্ঠান পার্ল গ্লোবালের দশ হাজার শ্রমিককে ১০ শতাংশ কম মূল্যে নিত্যপণ্য দেবে রসদ ওয়েলবিং লিমিটেড।
এ জন্য পার্ল গ্লোবাল কারখানায় তিনটি বিক্রয়কেন্দ্র খুলবে রসদ ওয়েলবিং লিমিটেড।
সম্প্রতি এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তিতে রসদ অ্যান্ড ইক্যুয়াল ওয়েলবিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল সিদ্দিকী এবং পার্ল গ্লোবালের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় কুমার সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ মেহরা চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রসদের ন্যায্যমূল্যের দোকান থেকে এক মাসের কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাসহ শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে উচ্চমানের পণ্য কেনার সুযোগ পাবে শ্রমিকরা।
শতাধিক ব্র্যান্ডের পণ্য সর্বোচ্চ খুচরা মূল্য থেকে ১০ শতাংশ কম দামে পাওয়া যাবে এসব দোকানে।
ফয়সাল সিদ্দিকী চুক্তি প্রসঙ্গে বলেন, “কর্মশক্তি বৃদ্ধির জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে পার্ল গ্লোবালের সাথে এই অংশীদারিত্বে আমরা আনন্দিত। টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও উদ্ভাবনের প্রতি পার্ল গ্লোবালের একনিষ্ঠতা রসদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির প্রতি কমিটমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
গ্লোবালের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় কুমার সরকার বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের কর্মীরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের লক্ষ্য, রসদ ওয়েলবিং লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করে আমাদের কর্মীদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা এবং বাংলাদেশের বৃহত্তর সামাজিক কল্যাণে অবদান রাখা।"
