২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে সিয়াল খাদ্যপণ্য প্রদর্শনীতে ‘প্রাণ’

পাঁচ দিনের এ মেলায় ১৩০টি দেশের সাড়ে সাত হাজার কোম্পানি পণ্য প্রদর্শন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 06:59 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাজার বাড়াতে বিশ্বের অন্যতম ‘বৃহৎ’ খাদ্যপণ্যের মেলা ‘সিয়াল ফুড ফেয়ারে’ অংশ নিয়েছে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি প্রাণ। 

ফ্র্যান্সের প্যারিসে নর্ড ভিলপান্তে প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রদর্শন করছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শনিবার শুরু হওয়া পাঁচ দিনের এ মেলায় ১৩০টি দেশের সাড়ে সাত হাজার কোম্পানি পণ্য প্রদর্শন করছে।

প্রাণ গ্রুপ স্টল সাজিয়েছে জুস অ্যান্ড ড্রিংকস, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট অ্যান্ড বেকারি, কুলিনারি, মসলা ও ফ্রোজেন ক্যাটাগরির পণ্য দিয়ে। 

মেলায় ২০টির মত নতুন পণ্য প্রদর্শন করার তথ্য দিয়ে প্রাণ বলছে, পণ্যগুলোর মধ্যে রয়েছে নতুন ধরনের নুডলস, বিস্কুট, চকোলেট, কুকিজ ও জুস।

প্রাণ এক্সর্পোট লিমিটেডের নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, “সিয়াল ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। এ মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল নতুন-নতুন ক্রেতা খোঁজার মাধ্যমে প্রাণ গ্রুপের রপ্তানি আয় বৃদ্ধি করা। 

“এ মেলার মাধ্যমে আমরা এবার উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে রপ্তানি বাড়াতে বিশেষ নজর দিতে চাই।”

ইউরোপ ও আমেরিকার বিখ্যাত চেইনশপগুলোতে প্রাণের পণ্য বাড়ানো মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ তুলে ধরে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রপ্তানি বাজার সম্প্রসারণ করা। প্রাণ গ্রুপ এখন ১৪৫টি দেশে রপ্তানি করছে। তবে আমরা প্রাণ পণ্য পৃথিবীর প্রতিটি দেশে ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে ‘সিয়াল ফেয়ার’ বড় একটা প্লাটফর্ম হিসাবে কাজ করে।”