২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিমেতালে চলছে চট্টগ্রামের জারদৌসি-কারচুপি

কয়েক বছর আগেও জমজমাট চট্টগ্রাম নগরীর ঝাউতলার কারচুপি-জারদৌসির পল্লী এখন চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজ আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 11:43 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

ঈদ ঘিরে কাপড়ে কারচুপি-জারদৌসির কাজের বেশ চাপ থাকলেও কয়েক দিনের মধ্যেই তা ঝিমিয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

তারা বলছেন, উৎসবের বাইরে বছরের অধিকাংশ সময় কাজ ছাড়াই কাটাতে হয় চট্টগ্রামের বিখ্যাত এই কারচুপি-জারদৌসির কারিগরদের।

কাজের অভাবে তাদের অনেকেই পেশা বদল করছেন। কয়েকবছর আগেও যেখানে ছোট-বড় অর্ধশতাধিক কারখানা ছিল সেখানে এখন গুটিকয়েক কারখানা এ ঐতিহ্যের চিহ্ন ধরে রেখেছে।

ঝাউতলা ছাড়াও বন্দরনগরীর জালালাবাদ, ফিরোজ শাহ ওয়্যারলেস এলাকায় মূলত বিহারী সম্প্রদায়ের লোকজন এ কাজের সঙ্গে যুক্ত। একসময় কাপড়ে জারদৌসি-কারচুপি কাজের মোহনীয় নকশা ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করতেন তারা।।

বাজারে ভারতীয় পোশাকের ভিড়ে দেশীয় এই শিল্প তার গুরুত্ব হারাচ্ছে বলে মনে করেন এরসঙ্গে জড়িতরা।

গত চার বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত তৈয়ব হোসেন বলেন, “প্রতিবছর কারখানায় কাজের পরিমাণ কমতে শুরু করেছে। গতবছরও যে পরিমাণ কাজ হাতে ছিল এবছর তেমন হয়নি।”

ঝাউতলার রাশেদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোটবেলা থেকেই এ পেশার সঙ্গে ছিলাম। কিন্তু ধীরে ধীরে কাজ কমে যাওয়ায় অর্থিক সঙ্কটে পড়তে হয়। পরিবারের অভাব ঘোচাতে এখন পেশা ছেড়ে কাজ নিয়েছি গার্মেন্টে।”

অর্থিক অনটনের কারণে তার মতো অনেকেই পূর্ব পুরুষের পেশা ছেড়ে অন্য কাজ নিয়েছেন বলে জানান তিনি।

নগরীর ঝাউতলা স্টেশন রোড এলাকার পাপ্পু বুটিকস হাউজের মালিক খালেদ জাফর পাপ্পু বলেন, পাঁচ বছর আগেও ঝাউতলা এলাকায় কারচুপি-জারদৌসির কাজের অন্তত একশ’ স্থায়ী কারখানা ছিল। গত কয়েক বছর ধরে কমতে কমতে বর্তমানে এ সংখ্যা নেমে এসেছে ১০টিতে।

“আগে সারা বছর কাজ থাকলেও এখন ঈদকেন্দ্রিক ব্যস্ততা, যার কারণে এই পেশার সঙ্গে জড়িতরা কাজ ছেড়ে চলে যাচ্ছে।”

এখন কোনো কারখানায় স্থায়ী কারিগর নেই জানিয়ে পাপ্পু বলেন, “ঈদ মৌসুমের ব্যস্ততায় অস্থায়ী শ্রমিক দিয়েই এখন কাজ করাতে হয় কারখানা মালিকদের।”

তিনি বলেন, “ভারতে কারচুপির কাজের উপর অনেক বড়-বড় কারখানা আছে। সরকারি সহায়তায় গড়ে ওঠা সেসব কারখানায় কম দামে পোশাক উৎপাদন হয়।”

ভারতে তৈরি এসব পোশাক দেশের বাজারে ছড়িয়ে পড়েছে বলে জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মানুষ কমদামে সেসব পোশাক কিনতে পারায় দেশীয় এই শিল্প হুমকির মুখে পড়েছে।