গয়নায় পূর্ণ ঈদসাজের ষোলকলা
জামা-জুতাসহ প্রয়োজনীয় কেনাকাটা প্রায় শেষ। দরজিবাড়ির ঝামেলাও অনেকটা চুকেছে। কিন্তু গয়না না হলে যেন কিশোরী থেকে শুরু করে সব বয়সী নারীর ঈদের সাজ মাটি।
পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না বাছতেই শেষ মুহূর্তে দোকানে দোকানে চলছে হন্যে হয়ে ঘোরাঘুরি। ভিড় এখন রাজধানীর সব মার্কেট আর শপিং মলের গয়নার দোকানগুলোয়। বিশেষ করে চাঁদনী চক, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাকে গয়নার দোকানে এখন ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড়।
সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নারীর রুচি, দৃষ্টিভঙ্গি। সেই সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন এসেছে গয়নার নকশা, রং, মোটিফে। ঈদের দিন সকালে হালকা সাজ অথবা সন্ধ্যার জমকালো সাজ- এখন এমন হিসাব-নিকাশ করেই গয়নায় নিজেকে সাজাতে চাইছেন বলে বললেন অনেকে।
বরাবরের মতো এবারের ঈদেও থাকবে নানা ট্রেন্ডি গহনায়। বিক্রেতারা জানিয়েছেন, এবার ফ্লোরটাচ গাউনের সঙ্গে স্টোন, মেটালের গয়নার দিকে ঝুঁকছেন অধিকাংশ ক্রেতা। রূপার বাহারি সব নকশার গয়নার ওপর নানা রংয়ের পাথর বসানো ভালো চলছে।
চাঁদনী চকে গয়নার দোকানের বিক্রেতা ইয়াসিন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েকবছর ধরেই সোনা বা রুপার ওপর মিনা করা, কুন্দন পাথরের ওপর কাজ বা অক্সি করা গয়নার চাহিদা অনেক বেশি। ডিজাইনের ওপর ভিত্তি করে এসব গয়নার দাম ঠিক করা হয়।”
ইস্টার্ন মল্লিকায় কথা হয় গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রী আফসানা রহমান উর্মির সঙ্গে। তিনি বললেন, ঈদের সময় একটু এক্সক্লুসিভ কেনাকাটা করতেই পছন্দ করেন বলেই পোশাকের সঙ্গে ম্যাচিং করা গয়না কেনার চেষ্টা থাকে।
“এবার যেহেতু গরমে ঈদ, তাই একটু হালকা ওজনের মধ্যে গর্জিয়াস গয়না কিনেছি। ম্যাট গোল্ডের ওপরে পার্ল আর স্টোনের সেটিং দেওয়া লম্বা ঝোলানো দুল কিনেছি।”
তবে দামটা একটু বেশি, ১৫শ’ থেকে ৩ হাজার টাকার মধ্যে স্টোন সেটিংয়ের গয়না একটু দরদাম করে নিতে হচ্ছে, বলেন উর্মি।
অন্যদিকে নারীর সাজে ‘অফ ট্র্যাক’ লুক আনতে দেশীয় বুটিক হাউজগুলো সব সময়ের মতো সুতা, কাপড়, কড়ি, কাঠ ও পুঁতির গয়না এনেছে। শাড়ি বা পোশাকের সঙ্গে মানানসই লম্বা মালা অথবা লম্বা ঝুলের কানের দুলের বিক্রি ভালো।
‘আড়ং’ এ কাঠ, পুঁতি ও কাপড়ের গয়না, তামা ও রুপার কাজ করা গয়না, ‘বিবিয়ানা’র কাপড়ের ওপর পুঁতির কাজ করা গয়নাসহ ‘রঙ’, ‘দেশাল’, ‘পিরান’সহ প্রায় সব দেশি ফ্যাশন হাউজেই মিলবে এমন ফিউশন গয়না।
তুলনামূলক দামও কম এসব ‘এক্সপেরিমেন্টাল’ গয়নার। দেড়শ’ থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে মিলবে এসব গয়না।
‘বিবিয়ানা’র ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার লিপি খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি, পুঁতি দিয়ে কাপড় ব্যবহার করে বিভিন্ন মোটিফের মালা করা হয়েছে। এছাড়া কাপড়, সুতা পেঁচিয়ে মেটালের কানের দুল, চুড়ি বানানো হয়েছে। উজ্জ্বল রং দিয়ে বানানো এসব গয়না ড্রেসের সঙ্গে মিলিয়ে ক্রেতারা কিনছেন।
এসবের পাশাপাশি আজকাল অনলাইনে ও ফেইসবুকেও গয়না কেনার ব্যবস্থা রয়েছে। ‘শৈলী’, ‘লোকগাথা’র মতো বেশকিছু ফেইসবুকভিত্তিক কেনাকাটার প্ল্যাটফর্ম থেকে পছন্দের ফিউশন গয়না সংগ্রহের সুযোগ রয়েছে।
বেইলি রোডে ‘অঞ্জনস’র আউটলেটে গয়না কিনতে আসা বেসরকারি সংস্থার চাকুরে রাইসা কবীর বলেন, “শাড়ির সঙ্গে ম্যাচ করা গয়না আমার পছন্দ, একটু অফ ট্র্যাক, নট ভেরি কনভেনশনাল। যেমন পুঁতির সঙ্গে সেমি প্রেশাস স্টোনের কম্বিনেশনে বানানো গয়না কিনি। ঈদের এই সময়ে বোনাস পেয়ে একটু দামি রূপার গয়নাও কিনে ফেলি।”
তবে উচ্চবিত্ত নারীরা ভিড় করেছেন নামিদামী গয়নার শোরুমে। ঈদ উপলক্ষে কোনো কোনো জুয়েলার্স ২০ থেকে ৩০ শতাংশ মূল্য ছাড়ও দিচ্ছে ক্রেতাদের।
এরমধ্যে আপন জুয়েলার্স হীরার গয়নায় ২৮ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে, পার্ল ওয়েসিসে মজুরির ওপর ৫০ শতাংশ ও হীরার গয়নায় ৩০ শতাংশ ছাড় চলছে।
