লম্বা ছুটিতে বেনাপোল
আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও বেনাপোল স্থলবন্দরে এরই মধ্যে ঈদের ছুটির আমেজ লেগেছে। শবে কদর ও ঈদ মিলিয়ে লম্বা ছুটির মধ্যে পড়তে যাচ্ছে দেশের গুরুত্বপূর্ণ এই স্থলবন্দর। ফলে বন্দরের দুই পাশে পণ্যবাহী ট্রাকের জট বাড়বে।
বেনাপোল বন্দর, কাস্টমস কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন, শবে কদর উপলক্ষে বুধবার বন্ধ থাকবে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে ফাঁকা হতে শুরু করে বন্দর।
বন্দর শুল্কভবনের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার ১৮ জুলাই (শনিবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ১৭ থেকে ১৯ জুলাই (শুক্র-রোববার) ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদ একদিন পেছালে ২০ জুলাই (সোমবার) ছুটি থাকবে।”
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুজ্জামান জানান, ১৬ জুলাই (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও তেমন কোনো কাজ হবে না।
“সরকার ঈদের তিন দিন আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখায় বন্দর থেকে কোনো পণ্য খালাসও হবে না।”
এদিকে সীমান্তের দুই পাশের ট্রাকজট টানা ছুটির কারণে আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেনাপোলের বিপরীত দিকে ভারতের পেট্রাপোলেও ট্রাকজট রয়েছে বলে জানান পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী।
তিনি বলেন, “স্থান সংকুলান না হওয়ায় বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ ট্রাক অপেক্ষা করছে। দীর্ঘ ছুটির পর পণ্য বেনাপোল বন্দরে ঢুকবে। এতে দুই বন্দরে তীব্র জটের সৃষ্টি হবে।”
তবে বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানিয়েছেন, ১৬ জুলাই বন্দর খোলা থাকায় কেউ পণ্য নিতে চাইলে দেওয়া হবে।
“তবে ঈদের আগে ও পরে ট্রাক চলাচল বন্ধ থাকায় কেউ পণ্য নেবে বলে মনে হয় না। আর ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাকের ওপারে যেতে কোনো বাধা থাকবে না।”
