ঈদের ছুটির আগে লেনদেন কমেছে পুঁজিবাজারে
ঈদের ছুটি শুরুর একদিন আগে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে। তবে দুই বাজারেও দিন শেষে সূচকে চাঙ্গাভাব দেখা গেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৯৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে; যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি ৪৩ লাখ টাকা কম।
এই বাজারের সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ৬২৯ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১৬৩টির দর বেড়েছে; কমেছে ১১৫টির। আর অপরিবর্তিত ছিল ৪৩টির দর।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো- এসিআই, জিপি, আরএকে সিরামিক্স, কেপিসিএল ও লাফার্জ সুরমা সিমেন্ট ।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই এদিন ৩৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪২ পয়েন্ট হয়েছে। হাতবদল হয়েছে ৩৭ কোটি টাকার শেয়ার।
সিএসইতে এদিন ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টি এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
আগামী বুধবার থেকে দেশের পুঁজিবাজারে ঈদের ছুটি শুরু হবে। ছুটি শেষে খুলবে ২০ জুলাই।
