কাঁচা মরিচের ‘ঝাল’ বাড়ছেই
কাঁচা মরিচের ঝাল যেমনই থাকুক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে এর দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
গত সপ্তাহে ৮০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ পাওয়া গেলেও শুক্রবার তা প্রতিকেজি বিক্রি হয়েছে ১২০ থেকে ১৫০ টাকা।
গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মরিচ ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় পণ্যটির সরবরাহ কমে দাম বেড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতির সভাপতি হাজি মো. সাঈদ।
তিনি বলেন, “বৃষ্টির কারণে মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এখন বাজারে যেসব মরিচ আছে তার অধিকাংশ ভারত থেকে আমদানি করা। যে কারণে দাম বেড়েছে।”
আবহাওয়া ঠিক হলে আবার দাম কমে আসবে বলেও জানান সাঈদ।
“দেশে পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া এলাকায় মরিচের চাষ বেশি হয়। এসব এলাকাসহ দেশের অন্যান্য এলাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ফলে ক্ষেত নষ্ট হওয়ার পাশাপাশি জমি থেকে সবজি তুলে বাজারে পাঠাতে খরচও বেড়েছে। আবার অনেক এলাকা থেকে জমি থেকে সবজি তোলাও সম্ভব হচ্ছে না।”
পাইকারি বাজারে এক কুইন্টাল (১০০ কেজি) কাঁচামরিচ ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
একই কারণে কিছু সবজির দামও গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, ঝিংগা, টমোটোর দাম কেজি প্রতি পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।
গোপীবাগ, ফকিরেরপুল, মহাখালী বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে সর্বোচ্চ ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
পেঁপের দাম বেড়ে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে পেঁপে বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা।
টমোটোর মৌসুম না হলেও ঈদ সামনে রেখে এর চাহিদা বাড়ায় বেড়েছে দামও। বর্তমানে বাজারে হিমাগারে মজুদ টমোটো পাওয়া যায়। পাশাপাশি ভারত থেকেও টমোটো আমদানি হচ্ছে বলে জানিয়েছেন মহাখালী বাজারের সবজি ব্যবসায়ী মো. লিটন।
বর্তমানে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান তিনি। গত সপ্তাহে এর মূল্য সর্বোচ্চ ৮০ টাকা ছিল।
এদিকে আলুর দাম বেড়েছে কেজিতে এক টাকা। মান ও জাতভেদে ২২ থেকে ২৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সর্বোচ্চ ২৪ টাকায় পাওয়া গেছে এই আলু।
বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ঈদ সামনে রেখে বিক্রেতারা দাম বাড়াচ্ছেন বলে মনে করছেন ক্রেতারা। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪৫ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল সর্বোচ্চ ১৫০ টাকা।
এছাড়া অন্যান্য সবজির দাম আগের মতো রয়েছে।
