ব্যাংকগুলোকে জলবায়ু ঝুঁকি তহবিল করতে হবে
দেশে কার্যরত সব ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘জলবায়ু ঝুঁকি তহবিল’ গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গ্রিণ ব্যাংকিং ও সিএসআর বিভাগ থেকে এক সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
এই তহবিলের ব্যয় সিএসআর ব্যয় হিসেবে বিবেচিত হবে বলেও এতে বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, “পরিবেশবান্ধব ব্যাংকিংয়ের আওতায় ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ পরিস্থিতি অবনমন ও দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন ও অভিযোজন, কার্বন নির্গমনের হার কমানো, দুর্যোগ ব্যবস্থাপনা (প্রতিরোধ ও পুনর্বাসন) সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে এ তহবিল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
এই তহবিল থেকে অনুদানের পাশাপাশি স্বল্প সুদে অর্থায়ন করা যাবে এবং জলবায়ু ও দুর্যোগ সংক্রান্ত যে কোনো কর্মসূচি ও প্রকল্পে অর্থ ব্যয় করা যাবে।
এর আগে পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
