ঈদে তিন গন্তব্যে বিমানের বিশেষ ফ্লাইট
বাড়তি যাত্রীর চাপ সামলাতে তিনটি গন্তব্যে অতিরিক্ত ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঈদ স্পেশাল অফারে আভ্যন্তরিন গন্তব্যগুলোতে ৩১ জুলাই পর্যন্ত হ্রাসকৃত মূল্যে টিকেট বিক্রি করা হবে বলে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের বাড়তি চাপ মোকাবেলায় আগামী ১৫ই জুলাই যশোর, রাজশাহী ও সৈয়দপুরে ‘বিশেষ-অতিরিক্ত’ ফ্লাইট পরিচালনা করা হবে।
“সময়ে ঢাকা থেকে যে কোন অভ্যন্তরীণ গন্তব্যে সময়ভেদে ২০০ থেকে ৫০০ টাকা হ্রাসকৃত ভাড়ায় ভ্রমণ করা যাবে। অনুরূপ, অভ্যন্তরীণ যে কোন গন্তব্য থেকে ঢাকা আসতে এক হাজার টাকা পর্যন্ত ভাড়া কমানো হয়েছে।”
লন্ডন থেকে আসা সিলেট-ঢাকা বিজি-৬০৭ ফ্লাইট-এ প্রতি শনিবার ট্যাক্স সহ দুই হাজার টাকা এবং মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার বিজি-৬০৫ ফ্লাইট-এ ট্যাক্সসহ আড়াই হাজার টাকায় ভ্রমণ করা যাবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
এদিকে, যাত্রীদের বাড়তি চাপে ১৬ জুলাই সৈয়দপুর ও যশোর রুটে একটি বিশেষ ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
