দর বৃদ্ধিতে কারসাজি নেই: লিন্ডে-ইমাম বাটন
গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ ও ইমাম বাটন।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি দুটি।
বৃহস্পতিবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এক মাসে ধরে লিন্ডে বিডির শেয়ারের দর টানা বেড়েছে। ৯ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৮৮৬.৮০ টাকা। এরপর এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ৮ জুলাই ১,১১৯.৪০ টাকায় দাঁড়ায়।
মৌলভিত্তির ইমাম বাটনের শেয়ারের দরও গত এক মাস ধরে বাড়ছে।
কোম্পানি দুটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি-না তা জানতে চেয়ে কোম্পানি দুটিকে চিঠি দেয় ডিএসই।
চিঠির পরিপ্রেক্ষিতে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।
