২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটিতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন ব্যাহত

আকস্মিকভাবে তিন ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jul 2015, 01:18 AM

Updated : 12 Oct 2022, 03:59 PM

বুধবার দিনের লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয় বলে জানানো হয়। তিন ঘণ্টার বেশি সময় পর লেনদেনে ফেরে এই পুঁজিবাজার। 

এদিন ওয়াল স্ট্রিট জার্নালের ওয়েবসাইট হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইউনাইটেড এয়ালাইন্সের ফ্লাইট বাতিলের পর স্টক এক্সচেঞ্জে গড়বড়ে সাইবার হামলার গুঞ্জন দেখা দেয়।

তবে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের পাশাপাশি হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এটি নিছকই একটি দুর্ঘটনা।

লেনদেন শুরুর ঘোষণা দিলেও কারিগরি কী ত্রুটি দেখা দিয়েছিল, তা জানায়নি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তারা বলেছে, শিগগিরিই তা স্পষ্ট করা হবে।

লেনদেন বন্ধের পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের এক মুখপাত্র বলেন, “আমরা একটি কারিগরি জটিলতায় পড়েছি। সমস্যা সমাধানে কাজ চলছে। যত দ্রুত তা করার চেষ্টা হচ্ছে।”

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকলেও নাসডাক এবং ব্যাটস গ্লোবাল মার্কেটে লেনদেন চলছিল। নিউ ইয়র্ক এক্সচেঞ্জের অধিভুক্ত শেয়ারের লেনদেনও সেখানে স্থানান্তর হয়।

নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের এক টুইটার বার্তায় বলা হয়, এটি কোনো সাইবার হামলা নয়, অভ্যন্তরীণ একটি সমস্যা। বিষয়টি প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বিষয়টিতে নজর রাখছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট সাংবাদিকদের বলেছেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সমস্যাটিতে কোনো ধরনের নাশকতার যোগসূত্র নেই বলে নিশ্চিত হওয়া গেছে। এটি কারিগরি একটি সমস্যা, যা নিরসনে কাজ চলছে। প্রেসিডেন্ট ওবামাও বিষয়টিতে নজর রাখছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দপ্তরও নিশ্চিত করেছে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও ইউনাইটেড এয়ারলাইন্সের ঘটনায় কোনো নাশকতার যোগসূত্র নেই।