কর্ণফুলীতে টানেল: সিসিসিসির সঙ্গে চুক্তি ৩০ জুন
কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সড়ক ও সেতু মন্ত্রণালয়।
চুক্তি স্বাক্ষরের জন্য সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে বাংলাদেশ থেকে চীনের উদ্যেশ্যে রওনা দিয়েছেন।
আগামী ৩০ জুন চীনের রাজধানী বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে বলে জানান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু।
শুক্রবার রাতে সিঙ্গাপুর থেকে টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী ছাড়াও আট সদস্যের দলের মধ্যে আছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আগামী ২৮ জুন প্রতিনিধি দলটি চীনে পৌঁছুবেন।
৩০ জুন বেইজিংয়ে দুই দেশের সড়ক মন্ত্রীর উপস্থিতিতে সিসিসিসি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি সই হবে বলে জানান নাসের টিপু।
গত বছরের ১০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ে বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং চীনের পক্ষে তাদের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট চি-খো মাও টানেল নির্মাণেল সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন।
