আইটি উদ্যোক্তা তৈরিতে এফবিসিসিআই ও ফেনক্স
আন্তর্জাতিক মানের নতুন আইটি উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং আমেরিকার সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল।
এফবিসিসিআই এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান ও বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাইল ক্লিং।
বৈঠকে এফবিসিসিআই এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আন্তর্জাতিক মানের নতুন আইটি উদ্যোক্তা তৈরি এবং তাদের মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এফবিসিসিআই সভাপতি বলেন, “সিলিকন ভ্যালির ব্যবসায়িক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তিকে বাংলাদেশে আনার ক্ষেত্রে এবং দেশীয় জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে সম্মিলিত ভাবে সচেষ্ট থাকতে হবে এবং নতুন প্রজন্মের বিকাশের জন্য এই পরিকল্পনাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে।”
শামীম আহসান বলেন, “এই যৌথ উদ্যোগের ফলে বাংলাদেশি উদ্যোক্তারা সিলিকন ভ্যালির পর্যাপ্ত সুবিধাগুলো পাবে। এর মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সামর্থ্য তৈরি হবে ও পাশাপাশি তাদের নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।”
ইতিমধ্যেই বাংলাদেশের আইসিটি খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল।
প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের সাথে যৌথভাবে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের মানোন্নয়নে প্রয়োজনীয়তা সহযোগিতা দিতে চায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
