২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ

লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার থেকে পণ্য খালাস বন্ধ আছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বহির্নোঙরে কোনো জাহাজ থেকে কোনো পণ্য খালাস হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:30 PM

Updated : 25 Apr 2022, 01:32 PM

এদিকে টানা চার দিন ধরে বৃষ্টিতে জেলার সাতটি উপজেলার নিমাঞ্চল প্লাবিত হয়েছে। কেরানীহাট-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেড়েছে কয়েকটি নদীর পানি।

ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস কর্মকর্তা আমিরুল হোসেন বলেন, উড়িষ্যার লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ভারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে জোয়ার ও অমাবস্যা।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ১৫৪, কক্সবাজারে ৪৪০ এবং বান্দরবানে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারি বৃষ্টি আরো দুইদিন অব্যাহত থাকতে পারে জানান আমিরুল।

বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন নদনদীর পানিও বেড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, হালদা নদীর পানি নারায়ণহাট অংশে বৃহস্পতিবার সকালে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এছাড়া মাতামুহুরির পানি বান্দরবানের লামা পয়েন্টে বিপদসীমার চেয়ে ৮০ সেন্টিমিটার এবং চিরিঙ্গা পয়েন্টে ৯৬ মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

খারাপ আবহাওয়ায় সাগর প্রচণ্ড ঢেউয়ের কারণে কোনো লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেতে পারেনি বলে জানিয়েছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।

“এ কারণে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে পণ্যও খালাস হয়নি। গত সোমবার কেউ লাইটার ভাড়া নেয়নি। মঙ্গলবার একটি ও বুধবার তিনটি লাইটার ভাড়া নিলেও তারা খারাপ আবহাওয়ার কারণে সাগরে যেতে পারনি।”

বহির্নোঙরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পণ্যবোঝাই ৩৮টি বড় জাহাজ ছিল।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ফরিদ আহমেদ জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তকতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভারি বৃষ্টিতে সাতকানিয়া, চন্দনাইশ, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা, ফসলি জমি, বীজতলা, পুকুর ও রাস্তায় পানি জমে গেছে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বলেন, “পানির কারণে কেরানীহাট-বান্দরবান সড়ক বন্ধ রয়েছে। পানি নামলে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত বলতে পারব।”

পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলাতেও একই অবস্থা। পানিতে তলিয়ে গেছে বৈলতলি, বরমা, হাশিমপুর ও দোহাজারি এলাকার কৃষিজমি। দক্ষিণ হাশিমপুর পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে পানি উঠলেও যান চলাচল করছে।

চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীদা শারমিন জানান, দোহাজারী ও পদ্মপুকুর এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে নালা পরিষ্কার ও পানি সরানোর কাজ চলছে।

রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা জানিয়েছেন, বৃষ্টিতে উত্তর রাউজানে ক্ষতির পরিমাণ বেশি। বুধবার সেখানকার প্রায় সব পুকুরে জোয়ারের পানি ঢুকে চাষের মাছ বেরিয়ে গেছে।

“এছাড়া কৃষিজমিতে থাকা বীজতলা নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার পানি কিছুটা কমেছে।”

সন্দ্বীপেও কিছু ফসলি জমি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।

ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানিয়ে জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আবুল বাশার বলেন, স্থানীয় প্রশাসনের কাছ থেকে প্রতিবেদন পেলে পানি নেমে যাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।