২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনলিমা ইয়ার্নের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর ‘উদ্বেগ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্নের শেয়ারের দাম বৃদ্ধিতে উদ্বেগে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 04:18 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

দাম বাড়ার পেছনে কোম্পানির কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে চেয়েছে ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইর অয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৮ জুন আনলিমা ইয়ার্নের শেয়ারের দাম ছিল ১৬ টাকা ৬০ পয়সা। ১৫ দিনের ব্যবধানে ২৩ জুন তা প্রায় ৩১ শতাংশ বেড়ে ২১ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়।

কোম্পানিটির শেয়ারের দামে হঠাৎ এই বৃদ্ধিকে ‘স্বাভাবিকভাবে’ দেখছে না ডিএসই ।

ডিএসইর উদ্বেগের জবাবে আনলিমা ইয়ার্ন বলেছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে পারে সে ধরনের কোনো  অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

কোনো কোম্পানির শেয়ারের দাম ‘অযৌক্তিকভাবে’ বাড়ছে মনে হলে কোম্পানির কাছে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না তা জানতে স্টক এক্সচেঞ্জ।

ইতিপূর্বে দেখা গেছে, কোনো কোম্পানির শেয়ারের দাম হঠাৎ বেড়ে গিয়ে আবার হঠাৎ কমে যায়। মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় ছোট পুঁজির বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্লেষণে দেখা যায়, আনলিমা ইয়ার্নের শেয়ারে দাম বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বেশি হারে বাড়ছে।

পুঁজিবাজারের লেনদেনের সাধারণ নিয়ম অনুযায়ী, কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য তার পিই রেশিও (প্রাইস-আর্নিং রেশিও) বিবেচনার কথা বলা হয়ে থাকে। পিই রেশিও হলো- কোম্পানির শেয়ারপ্রতি আয়ের সঙ্গে শেয়ারের বর্তমান মূল্যের তুলনা।

এটা দিয়ে বুঝা যায়, কোনো কোম্পানির শেয়ারে এক টাকা মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকারী কত টাকা পর্যন্ত ব্যয় করতে আগ্রহী।

বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ বৃহম্পতিবার কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এসময় আনলিমা ইয়ার্নের শেয়ারের পিই রেশিও ২৬ দশমিক ১৩, যেখানে বস্ত্র খাতের কোম্পানির শেয়ারের গড় পিই রেশিও ছিল ১০ দশমিক ৩৫।

অর্থ্যাৎ বিনিয়োগকারীরা বস্ত্র খাতের গড় শেয়ার থেকে এক টাকা মুনাফা অর্জনের জন্য ১০ টাকা ৩৫ পয়সা বিনিয়োগ করতে আগ্রহী, যেখানে আনলিমা ইয়ার্নের শেয়ারের জন্য ২৬ টাকা ১৩ পয়সা বিনিয়োগে আগ্রহী।

বস্ত্র খাতের অন্যতম শীর্ষ কোম্পানি স্কয়ার টেক্সটাইল গত পাঁচ বছরে গড়ে ৭১ কোটি টাকা মুনাফা করেছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের পিই রেশিও ছিল ১৪ দশমিক ৫২।

কিন্তু আনলিমা ইয়ার্ন গত পাঁচ বছরে গড়ে ১ কোটি ৬০ লাখ টাকার বেশি মুনাফা না করতে পারলেও কোম্পানিটির শেয়ারের পিই রেশিও ছিল ২৬ দশমিক ১৩।

সাধারণ কোম্পানির পোর্টফোলিও দিয়ে তার শেয়ারে পিই রেশিওর যৌক্তিকতা বিবেচনা করা হয়। সংশ্লিষ্ট খাতের গড় পিই রেশিওর চেয়ে কোনো কোম্পানির পিই রেশিও বেশি হলে কোম্পানিটির পোর্টফোলিওকে খুব ভাল বলে ধরা হয়।

কিন্তু আনলিমা ইয়ার্নের পোর্টফোলিও ততটা ভাল কি না তা প্রশ্নসাপেক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এইচএ/১৬০৭ঘ.