উত্তরা ফাইন্যান্স ৩০ শতাংশ লভ্যাংশ দেবে
আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
এরমধ্যে ২০ শতাংশ নগদ (ক্যাশ) এবং ১০ শতাংশ বোনাস শেয়ার।
অর্থ্যাৎ রেকর্ড ডেট পর্যন্ত যে সব শেয়ারহোল্ডারের কাছে উত্তরা ফাইন্যান্সের শেয়ার আছে তারা প্রতিটি শেয়ারের বিপরীতে দুই টাকা করে নগদ পাবেন। আর ১০টি শেয়ার থাকলে একটি শেয়ার বোনাস পাবেন।
বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের এই প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ জুলাই।
২০১৪ সালে প্রতিষ্ঠানটি ১৭ কোটি ৬৫ লাখ টাকা মুনাফা করেছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৪৩ টাকা ২১ পয়সা।
