২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক রিচার্জ হবে ডিবিবিএল কার্ড দিয়ে

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক গ্রাহকদের জন্য ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের সহযোগিতায় এটিএম টপ আপ সেবা চালু করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 07:28 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম নেটওয়ার্কে অনলাইন টপ আপ সেবা বাংলালিংক-ই প্রথম চালু করলো।

বাংলালিংকের গ্রাহকেরা এখন ডিবিবিএল নেক্সাস ডেবিট, ডিবিবিএল মাস্টারর্কাড ডেবিট, ডিবিবিএল ভিসা ডেবিট কার্ড ব্যবহার করে ডিবিবিএল নেটওয়ার্কভুক্ত এটিএম থেকে এবং ফাস্ট ট্রাক থেকে যে কোনো বাংলালিংক নম্বরে (প্রি-পেইড, পোস্ট-পেইড ও কল অ্যান্ড কন্ট্রোল) টপ-আপ করতে পারবেন।

রোববার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিবারাত্রি ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই এ সেবা নিতে অতিরিক্ত কোনো চার্জ বা খরচ হবে না।

ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম টপ আপ সেবা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের চীফ এক্সিউটিভ অফিসার যিয়াদ সাতারা।

এ সময় বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর সোলায়মান আলম, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড স্ট্র্যাটেজিক প্রজেক্টস জালাল হোসেন ও চ্যানেল স্ট্রাটেজি ম্যানেজার মুহাম্মদ মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর  আবুল কাশেম মোহাম্মদ শিরিন, হেড অফ ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন আবুল কাশেম খান, হেড অফ ই-ব্যাংকিং বিজনেস ডিভিশন মো. কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলালিংকের চীফ এক্সিকিউটিভ অফিসার যিয়াদ সাতারা অনুষ্ঠানে বলেন, “ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এর সঙ্গে বাংলালিংকের এই টপ আপ সেবা গ্রাহকদের জন্যে আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দময় হবে। একটি ডিজিটাল কোম্পানি হিসেবে বাংলালিংকের জন্যে এটি অনন্য আরেকটি মাইলফলক।”

নেদারল্যান্ডসভিত্তিক ভিমপেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক হলো বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর, যার ৩০ মিলিয়ন বা ৩ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।