ঢাকা-কুয়ালালামপুর রুটে ফিরছে এয়ার এশিয়া
চার বছর পর আবার ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে স্বল্প খরচের (বাজেট এয়ারলাইন) বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া।
নিজেদের ফেইসবুক পেইজে এক বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০ জুলাই থেকে এই রুটে সরাসরি ফ্লাইট চলবে। ১০ জুন থেকে অগ্রিম বুকিংও শুরু হয়েছে।
কুয়ালালামপুর থেকে প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে এবং ঢাকা থেকে প্রতিদিন রাত ১২টা ২৫ মিনিটে এয়ার এশিয়ার ফ্লাইট ছাড়বে।
নতুন করে ফ্লাইট চালু উপলক্ষে এয়ার এশিয়া গ্রাহকদের জন্য বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে।
মাত্র ৩৯৯ রিঙ্গিতে (আট হাজার টাকা প্রায়) পাওয়া যাবে কুয়ালালামপুর-ঢাকা ওয়ানওয়ে টিকেট। এর মধ্যে ৩০ কেজি মালামাল বহনের সুবিধা থাকছে। এই সুযোগ থাকবে ২৮ জুন পর্যন্ত।
২০০৯ সালে এয়ার এশিয়া বাংলাদেশে কার্যক্রম শুরু করলেও নানা জটিলতায় ২০১১ সালের জুলাইয়ে তা বন্ধ হয়ে যায়।
