২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূসক কমানোর দাবি দোকান মালিকদের

আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবিত বর্ধিত মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের দাবি জানিয়েছে দোকান মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 04:50 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাব নিয়ে আপত্তি তুলে ধরে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির মহাসচিব শাহ আলম খন্দকার।

তিনি বলেন, “ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী বা দোকানের বছরে এককালীন ভ্যাট ৩ হাজার টাকা বাড়িয়ে প্রস্তাবিত বাজেটে ১৪ হাজার টাকা করা হয়েছে। আমরা চাই, আগের অর্থবছরের বছরের মতো ১১ হাজার টাকা বহাল রাখা হোক।”

এ ছাড়া অন্য সিটি করপোরেশনের মূসক ৪ হাজার টাকা কমিয়ে আগের মতো ৮ হাজার টাকা, জেলা পৌরসভার মূসক ১ হাজার ২০০ টাকা কমিয়ে ৬ হাজার টাকা এবং দেশের অন্য এলাকার মূসক ছয়শ’ টাকা কমিয়ে ৩ হাজার টাকা বহাল রাখার দাবি জানান তিনি।

এ ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত স্থান ও স্থাপনার ক্ষেত্রে মূসক অব্যাহতি চেয়েছে সংগঠনটি।

শাহ আলম বলেন, “দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্যাকেজ ভ্যাট প্রদান করেন, তাদেরকে স্থান ও স্থাপনার মূসক থেকে অব্যাহতি দানের দাবি জানাচ্ছি।”