বেগুনের দাম দ্বিগুণ নেওয়ায় চট্টগ্রামে জরিমানা
একদিন আগের ৩০ টাকা কেজি দরের বেগুন রমজানের আগের দিন এক লাফে ৬০ টাকায় উঠেছে চট্টগ্রামের বাজারে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সবচেয়ে বড় সবজির বাজার রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
‘কারণ ছাড়াই’ অতিরিক্ত দামে বেগুন বিক্রি করায় এক আড়তদার ও দুই বিক্রেতাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালবাজার ঘুরে দেখেছিলাম, ৩০ টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে।
“আজ (বৃহস্পতিবার) সকালে বাজারে মো. নাছিরের আড়তে গিয়ে বেগুন কেজি প্রতি কত টাকায় বিক্রি হচ্ছে জানতে চাইলে সে উত্তর দেয়নি। পরে তার পণ্য বিক্রির রসিদ ও খাতায় দেখি ৫০ টাকা কেজিতে বেগুন বিক্রি করেছে।”
“এক দিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে যাওয়ার কোনো কারণ নেই। তাই নাছিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে “ বলেন তিনি।
আরেক পাইকারি ব্যবসায়ী আবুল হাশেম ৬০ টাকা কেজিতে বেগুন বিক্রি করছিল। তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বাজারে অভিযান চলাকালে এক ক্রেতা অভিযোগ করেন, ভ্রাম্যমান আদালতের নির্দেশের পরও ইউসুফ আলী নামের এক খুচরা বিক্রেতা বেশি দামে বেগুন বিক্রি করছে।
এরপর ভ্রাম্যমাণ আদালত গিয়ে ইউসুফ আলীকেও ৫ হাজার টাকা জরিমানা করে।
তবে শফিকুর রহমান নামে এক ক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্রাম্যমাণ আদালত যতক্ষণ ছিল ততক্ষণ দাম কম ছিল, তারা চলে যাওয়ার পর আবার বেশি দামে বিক্রি হতে শুরু করে।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, যে দোকানে বেশি দামে পণ্য বিক্রি হয়েছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন সেখানেই অভিযান চালানো হয়েছে। এরকম অভিযান রমজানে নিয়মিত চলবে।
