২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় চট্টগ্রাম চেম্বারের ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু

রমজানকে সামনে রেখে চট্টগ্রামে ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে চেম্বার কার্যালয়ের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।

এ কার্যক্রমের আওতায় ভর্তুকিমূল্যে আতপচাল, সিদ্ধচাল ও চিনি বিক্রি হচ্ছে।

মাহবুবুল আলম বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এনে অন্যান্য বছরের মতো এবারও চেম্বার ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি করছে।

চেম্বার সভাপতি রমজান মাসে পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি এবং দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক এম এ মোতালেব, মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী উপস্থিত ছিলেন।

চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রমে ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত প্রতি কেজি আতপ চাল ২০ টাকা, সিদ্ধচাল ২৫ টাকা এবং চিনি প্রতিকেজি ৩০ টাকা দামে বিক্রি করা হবে।