২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার দেবে ইউনাইটেড এয়ার

ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে মূলধন সংগ্রহ করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 06:33 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

১০ টাকা মূল্যে ৬২ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮০০ নতুন সাধারণ শেয়ার ইস্যু করে ৬২৪ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

১ হাজার কোটি টাকা থেকে অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকায় উন্নীত করবে কোম্পানি।

এজন্য কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনার লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে পরিচালনা পর্ষদ।

৬ আগস্ট সকাল ১০টায় টঙ্গী ডাইভারশন রোডে সেক্টর-৮ এ, প্লট নং ৯/বি ঠিকানায় ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য ২৯ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্ত ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর বাস্তবায়িত হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়।

ইউনাইটেড এয়ারের পরিচালকদের শেয়ারধারণের পরিমাণ ৩০ শতাংশের কম হওয়ায় কোম্পানির রাইট বা আরপিওর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২০১১ সালের নভেম্বরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এক প্রজ্ঞাপণে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণের বাধ্যবাধকতা আরোপ করে।