২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একশ কোটি টাকার আম কিনবে প্রাণ

একশ কোটি টাকা ব্যয়ে ৬০ হাজার মেট্রিক টন আম কেনার লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:07 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

গত ২৫ মে শুরু হওয়া এই কার্যক্রম আম থাকা সাপেক্ষে আগামী অগাস্ট পর্যন্ত চলবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

নাটোরের একডালায় প্রাণ এগ্রো লিমিটেডের কারখানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে রোববার এক মতবিনিময় সভায় কারখানার উপ-মহাব্যবস্থাপক এস এম সারোয়ার হোসেন এ তথ্য জানান।

প্রাণ এগ্রো লিমিটেডের মান নিয়ন্ত্রণ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আল মাসুদ জানান, কারখানায় নেওয়ার সময় কয়েকটি ধাপে আমগুলো পরীক্ষা-নিরীক্ষা ও বাছাই করা হয়।

কারখানার ভেতরের শেডে আম নেওয়ার পর মান নিয়ন্ত্রকগণ প্রাথমিকভাবে আমগুলো পাকা, রোগমুক্ত ও পচা কি না তা পরীক্ষা করে দেখেন। পরে কারখানার ল্যাবরেটরিতে পাঠানো হয়।

ল্যাবে প্রয়োজনীয় নানা পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত ব্যবহারের জন্য পাঠানো হয়। এরপর পাল্প করে তা জীবাণুমুক্ত করা হয়। পরিশুদ্ধ পাল্প থেকে প্রস্তুত করা হয় খাদ্যপণ্য।

এসব পণ্য এখন বিশ্বের ১১৪টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে বলে মাসুদ জানান।

এস এম সারোয়ার হোসেন জানান, নাটোরে প্রাণ-এর কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠার কারণে কারখানায় সরাসরি প্রায় পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

আমের উৎপাদন মৌসুমে বাড়তি ২ থেকে ৩ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এসব শ্রমিকের প্রায় ৯০ ভাগ  নারী শ্রমিক।

প্রাণ এগ্রো বিজনেস লিমিটেডের কন্ট্রাক্ট ফার্মিং বিভাগের ব্যবস্থাপক কামরুজ্জামান জানান, প্রাণ-এর প্রায় ৭৮ হাজার চুক্তিবদ্ধ চাষি রয়েছে, যার মধ্যে ১৩ হাজার হলেন আমচাষি।