চাহিদার বেশি পণ্য মজুদ আছে: এফবিসিসিআই
পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকার কথা জানিয়ে কেউ দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
শনিবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গণমাধ্যমের খবর থেকে জানা গেছে যে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী কতিপয় পণ্যের মূল্য বৃদ্ধি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।”
এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও আমদানিকারকদের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ও মজুদ পরিস্থিতি নিয়ে পর্যালোচনায় দেখা গেছে, প্রতিটি পণ্যের উৎপাদন, আমদানি ও মজুদ পরিস্থিতি দেশের চাহিদার তুলনায় বেশি পরিমাণে আছে।
কোন কোন পণ্যের কি পরিমাণ চাহিদা ও মজুত আছে তার একটি হিসাবও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
এই পরিস্থিতিতে পাইকারী ও খুচরা বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে এফবিসিসিআই আশা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পর্যাপ্ত মজুদ এবং সরবরাহ থাকার পরও মূল্য বৃদ্ধির এ ধরনের অপতৎপরতা এফবিসিসিআই কোনোমতেই সমর্থন করে না এবং এ ক্ষেত্রে সরকারকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এফবিসিসিআই অনুরোধ জানাচ্ছে।”
একইসাথে বেশী মুনাফার লোভে পণ্যের মজুদ না করে বাজারে সরবরাহের গতি স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
এছাড়াও ভেজাল ও ক্ষতিকারক বা নকল পণ্য ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।
বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি দল ঢাকা শহরের বিভিন্ন বাজার এবং প্রতিটি জেলা পর্যায়ের বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়ে তাদের সহায়তার জন্য এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়।
