বাজেটের পর ‘বিক্রির চাপে’ বাজার নেমেছে
বাজেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট কর কমানোসহ কয়েকটি ক্ষেত্রে নীতি সহায়তার ঘোষণা দেওয়া হলেও গত সপ্তাহে ‘বিক্রির চাপে’ পুঁজিবাজারে সূচক কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এতে বিনিয়োগকারীদের ‘ভয়ের’ কিছু নেই বলে মনে করছেন একজন।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সপ্তাহে ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫১৫ পয়েন্টে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন আগের সপ্তাহের চেয়ে ১১ শতাংশ কমে নেমেছে ২৬৭৪ কোটি টাকায়।
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনও প্রায় এক শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ১৯ হাজার কোটি টাকায়।
সূচক ও লেনদেন কমার কারণ ব্যাখ্যায় ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, “বাজেটে ভালো কিছু আসবে এমনটা ভেবে বাজেটের আগে অনেকেই শেয়ার কিনেছিলেন। এ কারণে বাজেট ঘোষণার আগে বাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি পেয়েছিল।
“বাজেট ঘোষণার পর অনেকেই লাভে শেয়ার বিক্রি করেছেন, যার কারণে বিক্রির চাপ বেড়ে সূচক কমেছে।”
গত সপ্তাহে সূচক ও লেনদেন কমার আরও দুটি কারণের কথা বললেন শাকিল রিজভী। একটি হল পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা সমন্বয়ের জন্য সময় বাড়ানোর ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত না হওয়া এবং জুন ক্লোজিং ঘিরে ‘অ্যাডজাস্টমেন্টের’ জন্য শেয়ার বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের একাংশের ‘সাইডলাইনে’ থাকা।
পুঁজিবাজারে ব্যাংকগুলোর সীমার অতিরিক্ত যে বিনিয়োগ রয়েছে তা নির্ধারণের জন্য আগামী একবছর সময় হাতে রয়েছে তাদের। তবে এই সময় আরও বাড়ানোর জন্য ব্যাংকগুলোর পক্ষ থেকে দাবি জানানো হলেও সরকার বা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।
বাজেটের আগে লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর লেনদেন গত সপ্তাহে কমেছে এবং দরপতনও হয়েছে। বিদ্যুৎ খাতের কয়েকটি কোম্পানি বাজেটের আগে লেনদেনের শীর্ষে থাকলেও গত সপ্তাহে ভারতের রিল্যায়েন্স ও আদানি গ্রুপের সঙ্গে পিডিবির প্রায় সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খবরে বিদ্যুৎ খাতে দরপতন শুরু হয় বাজারে।
দর হারানোর শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- পূরবী জেনারেল ইন্সুরেন্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট পাওয়ার, এএফসি অ্যাগ্রো, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিডিকিম অনলাইন, খুলনা পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার কেমিক্যাল ও বিএসআরএম।
তবে গত সপ্তাহে বহুজাতিক বেশ কয়েকটি কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে।
গত সপ্তাহে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, খুলনা পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লাফার্স সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, সাবমেরিন কেবল ও স্কয়ার ফার্মা।
ডিএসইর তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ার লেনদেনের শীর্ষে থাকলেও আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে। অন্যদিকে ওষুধ, বস্ত্র, ব্যাংক ও ভ্রমণ খাতের শেয়ারের লেনদেন আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বেড়েছে।
তবে বাজারে সাময়িক দরপতনে ‘ভয়ের’ কিছু দেখছেন না ডিএসইর সাবেক সহ-সভাপতি মিনহাজ মান্নান ইমন।
তিনি বলেন, “সাময়িক উঠানামা বাজারে সবসময়ই থাকবে। তবে দেশের অর্থনীতি, ঋণের সুদের হার, বিদেশি বিনিয়োগসহ সব ধরনের সূচক বিশ্লেষণ করলে দেখা যাবে বাজারের ভবিষ্যৎ খুবই ভালো।”
আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টেলিকম ও তামাক ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির করপোরেট কর ২ দশমিক ৫০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন।
বিনিয়োগকারীরা এতদিন কোম্পানির লভ্যাংশ থেকে যে আয় করতেন, তা ২০ হাজার টাকা পর্যন্ত করমুক্ত ছিল। এই সীমা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া কোম্পানি বা অংশীদারি ফার্মের পুঁজিবাজারে বিনিয়োগ হতে অর্জিত মুনাফার উপর যে ১০ শতাংশ উৎসে কর দিতে হত, তা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
