২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও চিলির মধ্যে সমঝোতা স্মারক সই

কৃষি প্রযুক্তি বিষয়ক সহযোগিতার জন্য চিলির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

বুধবার রাজধানীর খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের পক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম এবং চিলির কৃষি মন্ত্রণালয়ের কৃষি ও প্রাণিসম্পদ সার্ভিসের জাতীয় পরিচালক এ্যানজেল সাতোরি নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

নতুন এই চুক্তির ফলে উভয় দেশ স্যানেটারি ও ফাইটোস্যানেটারি বিষয়ে কারিগরি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে উদ্ভিদ বা উদ্ভিদজাত পণ্যের ক্ষতিকর পোকা-মাকড় ও রোগবালাই প্রবেশ ও বিস্তার রোধে পদক্ষেপ নিতে পারবে।

এছাড়াও প্রতিটি রাষ্ট্রই তার সীমানার মধ্যে মানব, প্রাণিসম্পদ ও উদ্ভিদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বিজ্ঞানভিত্তিক যে কোনো ব্যবস্থা নিতে পারবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমঝোতা দ্বিপক্ষীয় স্যানেটারি ও ফাইটোস্যানেটারি বিষয়ক সমস্যাগুলো চিহ্নিত করতে সহায়ক হবে। একটি যৌথ কৃষি বিষয়ক ওয়ার্কিং কমিটি চুক্তি অনুযায়ী গৃহীত কার্যক্রমের অগ্রগতির  পর্যবেক্ষণ করবে।

বর্তমানে বাংলাদেশ থেকে চিলিতে আলুর ফ্লেক্স, পাটের তৈরি সুতলি রপ্তানি করা হয় এবং চিলি থেকে আপেল, বাঁধাকপির বীজ, তামাক বীজ (স্বল্প পরিসরে) বাংলাদেশে আসে। সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ থেকে চিলিতে পাট ও পাটজাত দ্রব্য, হিমায়িত খাদ্যদ্রব্য ও সবজি, আলু, প্রক্রিয়াজাত খাদ্য ও মসলাসহ অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে এতে বলা হয়।