দরপতনের ধারা পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
বাজেট ঘোষণার পর সপ্তাহের প্রথম দিন সূচক বাড়লেও দ্বিতীয় দিন থেকে সূচক সূচক পতন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসইতে) প্রধান সূচক সিএসপিআই ৪৪ পয়েন্ট কমেছে।
ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেটকে সামনে রেখে পুঁজিবাজারে সূচক বেড়েছিল। এ কারণেই মুনাফা উত্তোলন করতে অনেকেই শেয়ার বিক্রি শুরু করেছেন, যার ফলে বিক্রির চাপ বেড়ে সূচক কমছে।”
বাজেটের প্রভাবে বিক্রির চাপকে ‘সাময়িক’ উল্লেখ করে ভাল প্রণোদনার ঘোষণায় এবং অর্থনীতির অন্যান্য সূচক ‘ভাল’ থাকায় দীর্ঘ মেয়াদে বাজার পরিস্থিতি ভাল হবে বলে মনে করেন শাকিল রিজভী।
মঙ্গলবার ডিএসইতে ৪৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১৮ কোটি কম।
আর সিএসইতে ৬৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ৫৩ লাখ টাকা কম।
এদিন ডিএসইতে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৪ পয়েন্টে হয়েছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ কোম্পানি হল- ইউনাইডেট এয়ারওয়েজ, বেক্সিমকো লি., কেপিসিএল, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এএফসি এগ্রো, এসিআই ফরমুলেশন ও বিএসসিসিএল।
সিএসইর সার্বিক সূচক সিএসপিআই এদিন ৪৪ পয়েন্ট কমে হয়েছে ১৩ হাজার ৯৩৪ পয়েন্ট।
এ বাজারে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।
