২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভ্যাট আরোপে হুমকির মুখে পড়বে ই-কমার্স’

নতুন বাজেটে অনলাইন কেনাকাটার ওপর প্রস্তাবিত মূল্য সংযোজন কর (ভ্যাট) তরুণ উদ্যোক্তাদের উৎসাহে বাধা সৃষ্টি করবে বলে মনে করে অ্যাসোসিয়েশন অব সফটঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে ই-কমার্স সেবার প্রতিনিধিত্বকারী এ সংগঠনের সভাকক্ষে বাজেটোত্তর আলোচনায় আনুষ্ঠানিক এ প্রতিক্রিয়া এসেছে।    

এ সময় সংগঠনের আহ্বায়ক ফাহিম মাশরুর ই-কমার্স খাতকে ৩-৪ বছরের জন্য ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব দেন।

নতুন অর্থবছরের বাজেটে অনলাইনে পণ্য এবং সেবার বিক্রয় বা সরবারহ কার্যক্রমের ওপর চার শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ।

ফাহিম মাশরুর বলেন, “বর্তমানে অনলাইনে লেনদেন হচ্ছে ১০০ কোটি টাকার মতো, ৪ শতাংশ ভ্যাটে এই খাত থেকে সরকার ৩-৪ কোটি টাকার ভ্যাট পাবে, কিন্ত ভ্যাট আরোপের কারণে এই খাতের ৩-৪শ নতুন উদ্যোক্তা ক্ষতির মুখে পড়বেন ।

“অনেক উদ্যোক্তা আছেন যারা একটা কাপড় বানাতে পারে। কিন্তু কোনো মার্কেটে দোকান নেওয়ার ক্ষমতা নেই। তারা কিন্তু এই ই-কমার্সের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে। এর সঙ্গে অনেকে পরিবহন ব্যাবসায় জড়িত হচ্ছেন, তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে।”

যেহেতু ই-কমার্স খাতে গত কয়েক বছরে এক থেকে দুই লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, তাই এর পরিপূর্ণ বিকাশে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের পক্ষে মত দেন তিনি।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি শামীম আহসান, সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ ও বেসিস কার্যনির্বাহী কমিটি ও বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।