২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সুগার মিলে জমছে চিনি

বাজারের চেয়ে দাম বেশি হওয়ায় নিজস্ব উদ্যোগে ট্রাকে মাইকিং করেও চিনি বিক্রি করতে পারছে না রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ। ফলে গুদামে এখন চিনির স্তূপ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 03:52 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

রাজশাহী সুগার মিল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকদিন ধরে কারখানার গুদামে প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন চিনি বস্তাবন্দি হয়ে থাকায় খোলা বাজারে চিনি বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

শিল্প মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্প্রতি চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ট্রাকে করে রাস্তায় রাস্তায় মাইকিং করে চিনি বিক্রি শুরু করে।

কিন্তু বাজারের চেয়ে মিলের চিনির দাম কেজি প্রতি দুই টাকা বেশি হওয়ায় ক্রেতারা ফিরে তাকায়নি।

চিনিকলের নিজস্ব ট্রাকে করে এক ও দুই কেজির চিনির প্যাকেট বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে ৪২ টাকা ও দুই কেজির প্যাকেটের দাম ৮২ টাকা।

তবে বাজারে চিনি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

রাজশাহী সুগার মিলের মহাব্যবস্থাপক (অর্থ) আবুল কালাম সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমস্যা হচ্ছে, যখন আমরা চিনির দাম কমিয়ে দেই, তখন বাজারে দাম আরও কমে যায়। সে কারণে সফলতা পাওয়া যায় না।

“বাজারে সঙ্গে মিল রেখে প্রতি কেজি চিনি ৪২ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু খোলাবাজারে বিক্রি শুরুর পর বাজারে চিনির দাম নেমে যায় ৪০ টাকায়।”

এ বিষয়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, মিল কর্তৃপক্ষের খোলা বাজারে চিনি বিক্রির কথা নয়। এর পরও তারা বিক্রি করছে।

“তাই বাধ্য হয়েই ব্যবসায়ীরা চিনির দাম কমিয়ে দিয়েছেন।”

মিলের মহাব্যবস্থাপক আবুল কালাম মনে করেন, বাজারের চিনির চেয়ে মিলের চিনির মান ভালো হলেও এ সম্পর্কে প্রচার-প্রচারণা কম।

“ক্রেতারা মিলের চিনির মান সম্পর্কে জানলে বিক্রি আরও বাড়বে। বিশেষ করে রমজান মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি বিক্রি করা সম্ভব।”

পুরনো খবর:

চিনির শুল্ক ‘ভুলক্রমে’