সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর দাবি
দেশ থেকে অতি দরিদ্র মানুষের সংখ্যা কমিয়ে আনতে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা উন্নয়ন সমুন্বয়।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষা বিভাগের অধ্যাপক তৈয়েবুর রহমান।
এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য মানবসম্পদ উন্নয়ন খাতে যে বরাদ্দ থাকবে সেখানে অতি দরিদ্রদের জন্য বরাদ্দ বাড়ানো, দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বরাদ্দ এবং ইতিমধ্যে সফল জীবিকায়ন প্রকল্পগুলোর আকার বাড়ানো অথবা অনুরূপ নতুন কর্মসূচি নেয়ার দাবি জানিয়ে প্রতিষ্ঠানটি।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, একই কমিটির সদস্য বেগম আখতার জাহান ও উন্নয়ন সমুন্বয়ের এমিরেটস ফেলো খোন্দকার ইব্রাহিম খালেদ বক্তব্য রাখেন।
তৈয়েবুর রহমান বলেন, “এখনও দেশে এক কোটি ৭০ লাখ মানুষ অতি দারিদ্র্য সীমার নীচে বসবাস করছে। সরকার ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এজন্য জিডিপির ২ দশমিক ২০ শতাংশ ব্যয় করছে সরকার। এই ব্যয়ের পুরোটাই যে অতি দরিদ্রদের জন্য করা হচ্ছে তা নয়। এসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির অনেকগুলোতেই মোটামুটি দরিদ্র, এমনকি দরিদ্র নন এমন ব্যক্তিরাও সম্পৃক্ত।
চলতি অর্থবছরের বাজেটে অতি দরিদ্রদের জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা মোট বাজেটের দশমিক ৬০ শতাংশ আর জিডিপির দশমিক ১১ শতাংশ।
আব্দুর রাজ্জাক বলেন, “প্রতিবছর প্রায় ২ শতাংশ হারে দারিদ্র্য কমছে। সর্বশেষ খানা আয় জরিপ অনুযায়ী দেশে ৩৪ ভাগ মানুষ দরিদ্র। এরমধ্যে ১৭ দশমিক ৫ ভাগ অতিদরিদ্র। কিন্তু বর্তমানে সেটা কমে ১১ বা ১২ শতাংশে নেমেছে। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন এই সরকারের মূল লক্ষ্য।”
খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, “জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হলেও প্রায় ৭৫ লাখ মানুষ অতিদরিদ্র থাকবে। অনেক এনজিও দারিদ্র্য নিরসনে কাজ করলেও অতিদরিদ্ররা ঋণ পায় না। আবার শহরের বস্তিবাসী দরিদ্রদের স্বাস্থ্য ও শিক্ষায় বিশেষ কোনো উদ্যোগ নেই।
“যে কারণে অতিদারিদ্র্য কমাতে সরকারের বিশেষ বরাদ্দ রাখতে হবে। জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হলে ২০২১ সালের মধ্যে অতিদারিদ্র্য দূর হবে।”
