চার প্রবাসী পেলেন ‘সিআইপি কার্ড’
প্রবাসী চার বিনিয়োগকারীকে ‘সিআইপি সম্মাননা কার্ড’ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে এই চার জনের হাতে কার্ড তুলে দেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান।
২০১৫ সালের জন্য কমার্শিয়ালি ইমর্পোটেন্ট পারসন (সিআইপি) হিসেবে মনোনীত চার জন হলেন, আরিফ আহমেদ চৌধুরী, আসিফ আহমেদ চৌধুরী, বেগম সায়রা চৌধুরী ও মীর রাসেল সুজন।
এদের মধ্যে প্রথম তিন জন একই পরিবারের সদস্য।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বিনিয়োগকারীদের নিজ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে সরকার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি স্বীকৃতিস্বরূপ ‘সিআইপি সম্মাননা কার্ড’ দেওয়ার পদ্ধতি চালু করেছে।
মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড এবং মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এক মিলিয়ন ডলার বিনিয়োগকারীদের এক বছরের জন্য নির্বাচিত করে এই সম্মাননা কার্ড দেওয়া হয়ে থাকে।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য ফরিদ উদ্দিন, আব্দুর রাজ্জাক, মাহমুদা আখতার মীনা, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক পারভীন বানুসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
