দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আশা খোকনের
শবে বরাত ও রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা হবে বলে আশা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি।
খোকন বলেন, “ব্যবসায়ী নেতারা জানিয়েছেন কিছু কিছু দ্রব্যের দাম কমবে। আমি আহ্বান জানাচ্ছি দাম না কমলেও যেন বাড়ার আশঙ্কা না থাকে।”
শবে বরাত ও রমজানে ঢাকায় চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি।
মৌলভীবাজার এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ব্যবসায়ী নেতা ও কাউন্সিলরদের দাবির মুখে তিনি বলেন, “আপনারা ড্রেনেজ উন্মুক্ত করলেই আমি এলাকায় ড্রেনেজের কাজ শুরু করব। আর শবে বরাতেই ঢাকায় শতভাগ লাইট জ্বলবে।”
মৌলভীবাজারে কাঁচাবাজারের জন্য প্রস্তাব পেলে বহুতল ভবনের কাজ শুরু করার আশ্বাস দেন খোকন। পাশাপাশি তিনি ওই এলাকায় একটি কমিউনিটি সেন্টার করে দেওয়া হবে বলে জানান।
বৈঠকে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, “রমজানে ডালের দাম বাড়বে না, বরং কমবে। ভোক্তার তুলনায় আমাদের কাছে প্রচুর মজুদ আছে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী, ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সালাম, সোয়ারিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি দ্বীন মোহাম্মদ ও স্থানীয় কাউন্সিলরা।
