ওয়ালটন কারখানায় জার্মান রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনস বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন।
“নতুন প্রকল্পের উদ্বোধন এবং কারখানা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেছেন, এটি গ্রিন টেকনোলজির একটি মডেল হতে যাচ্ছে,” বলা হয়েছে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
গত বৃহস্পতিবার ওয়ালটন কারখানা পরিদর্শনে যান রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন জার্মানভিত্তিক কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালক (স্পেশাল প্রোগ্রাম, হেলথ এন্ড সোস্যাল সিকিউরিটি) লিসা স্টেইনেচার এবং একই ব্যাংকের সিনিয়র ইনভেস্টমেন্ট ম্যানেজার আরিফ ইকবাল খান।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) আবুল বাশার হাওলাদার ও এসএম জাহিদ হাসান (পলিসি অ্যান্ড এইচআর), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন), আব্দুল কাদের (ওয়ালটন হাইটেক), শাহাদাত আলম (ওয়ালটন মাইক্রোটেক) এসময় উপস্থিত ছিলেন।
লিসা স্টেইনেচারকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়ালটন কারখানার ব্যবস্থাপনা এবং শ্রমিকদের পেশাদারিত্ব দেখে আমি সত্যিকারভাবে মুগ্ধ।”
আরিফ ইকবাল খান ওয়ালটনের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেন।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, “ওয়ালটনের নতুন ফ্রিজ ফ্যাক্টরি হচ্ছে জার্মান পিইউ প্রযুক্তিতে। সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত এই কারখানার পণ্য রপ্তানি হবে ইউরোপ আমেরিকাসহ উন্নত বিশ্বে।”
থমাস প্রিনস ওয়ালটন কারখানায় রেফ্রিজারেটর-৪ প্রকল্পের ভিত্তিস্থাপন করেন, প্রোডাক্ট ডিসপ্লে সেন্টারও ঘুরে দেখেন তিনি।
