এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
মতিঝিলে এফবিসিসিআই ভবনে শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
“সকাল বেলা একটু উত্তেজনা দেখা দিলেও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে,” বলেছেন এই নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সংসদ সদস্য আলী আশরাফ।
ভোটগ্রহণ শেষের পর তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
তবে বুথের হিসাব ধরলে দেখা যায়, মোট ২ হাজার ২০২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৯৫১ জন। অর্থাৎ ভোটের হার ৮৯ শতাংশ।
অ্যাসোসিয়েশন গ্রুপের (৩৫৫টি অ্যাসোসিয়েশন) মোট ভোট ছিল ১৭৬৬, এরমধ্যে ১৫৩৩ জন ভোট দিয়েছেন। চেম্বার গ্রুপের (৭৮টি চেম্বার) ৪৩৬টি ভোটের বিপরীতে ভোট পড়েছে ৪১৮টি।
ছোট জায়গায় ভোট গ্রহণের ফলে ভোটারদের ভোগান্তি হয়েছে স্বীকার করে আলী আশরাফ বলেন, “রোদ-গরমের মধ্যে ভোটারদের কষ্ট হয়েছে। এবারেও বাইরে কথার প্রস্তাব ছিল। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বরাদ্দ পাওয়া যায়নি।”
“পরবর্তীতে আমরা খোলামেলা জায়গায় ভোট গ্রহণের প্রস্তাব করব। বিশেষ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রস্তাব করব।”
ভোট গ্রহণের শেষ দিকে ‘ব্যবসায়ী উন্নয়ন পরিষদ’ প্যানেলের নেতৃত্বদাতা নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ইচ্ছার জাগরণ হয়েছে। বিশাল অংশ গ্রহণের মধ্যে দিয়ে যোগ্য ব্যবসায়ী নেতৃত্ব বের হয়ে আসবে।”
ভোটের ফল যাই হোক, তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি রাজশাহী চেম্বার থেকে মনোনীত হয়ে এরই মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হয়েছেন।
‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’প্যানেলের নেতৃত্বে থাকা মনোয়ারা হাকিম আলী বলেন, “সুষ্ঠু সির্বাচন হয়েছে।”
নির্বাচিতরা দেশের অর্থনীতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্যবসায়ী ঐক্য পরিষদের সৈয়দ মোয়াজ্জেম হোসাইন ভোটের ফল মেনে নেওয়ার কথা জানালেও নির্বাচনের আগে বিভিন্ন প্রলোভন ছিল দাবি করেন তিনি।
“আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্যানেল দিয়েছি। নির্বাচন না করতে ব্যাংকের পরিচালক হওয়ার অফার দিয়েছিল। ওই লোভে না পড়ে স্বচ্ছতার স্বার্থে ভিন্ন প্যানেল নিয়ে নির্বাচন করেছি। হারজিত যা হয়, মেনে নেব।”
এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন কাজী এরতেজা হাসান।
‘চেম্বার গ্রুপ’ থেকে ৩২ এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩৩ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা দুই গ্রুপ থেকে ১৬ জন করে ৩২ জনকে পরিচালককে নির্বাচিত করবেন।
দশটি করে বিশেষ চেম্বার ও অ্যাসোসিয়েশন রয়েছে, যাদের থেকে একজন করে প্রতিনিধি পরিচালনা পর্ষদে ‘মনোনীত’ পরিচালক হিসেবে অংশ নেবেন।
নির্বাচিত ও মনোনীত পরিচালকরাই পরে পর্ষদের সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।
এই মেয়াদে ‘চেম্বার গ্রুপ’ থেকে সভাপতি ও সহ-সভাপতি এবং ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’ থেকে প্রথম সহ-সভাপতি নির্বাচিত করা হবে।
২৫ মে এই তিন পদে নির্বাচন শেষে ২৮ মে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।
