চাঙ্গাভাব ধরে রেখেছে পুঁজিবাজার
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সামান্য কমলেও লেনদেনে চাঙ্গাভাব ধরে রেখেছে দেশের পুঁজিবাজার।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ৯ পয়েন্ট।
ডিএসইতে এদিন ৭৮২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৮৪ লাখ টাকা কম।
আগের দিনই ডিএসইতে আটশ কোটি টাকার বেশি লেনদেন হয়, যা সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।
‘বাজারে চাঙ্গাভাব ফিরে আসছে’ মন্তব্য করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিনের যে মন্দা ছিল তা কেটে যাচ্ছে; বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে।
“গত কয়েক দিনের বাজার ছিল ইতিবাচক-স্বাভাবিক। সূচকের পাশপাশি লেনদেনও বেড়েছে। আমরা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে দেখা করে বাজারে মনিটরিং ব্যবস্থা জোরদার করার অনুরোধ জানিয়েছি।
“আশা করছি, বাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে বিনিয়োগকারীদেরও সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে বাজারে উত্থান-পতন থাকবে। দেখেশুনে বিনিয়োগ করতে হবে,” বলেন তিনি।
ডিএসইতে এদিন মোট ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১২৬টির। ২৮টি কোম্পানির শেয়ারের দর ছিল অপরিবর্তিত।
দিনশেষে ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- কেপিসিএল, সামিট এলায়েন্স, বিএসসিসিএল, আরএকে সিরামিকস, সাইফ পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লিমিটেড, শাশা ডেনিমস ও এসিআই ফরমুলেশন।
সিএসইতে এদিন ১১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৫৪ পয়েন্ট হয়েছে।
লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
