২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোশাকে শুল্ক কমাতে সুপারিশ করবেন মার্কিন রাষ্ট্রদূত’

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের উপর যে শুল্ক রয়েছে তা কমানোর জন্য কংগ্রেসম্যানদের সুপারিশ করবেন বলে দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট আশ্বাস দিয়েছেন বলে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:57 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

রোববার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

বৈঠকে আলোচনার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রদূত আমাকে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানির ক্ষেত্রে যে ট্যারিফ আছে তা কমানোর জন্য কংগ্রেসম্যানদের কাছে প্রতিবেদন দেবেন তিনি।”

তার সুপারিশ বাস্তবায়ন হলে জিএসপি সুবিধার চেয়ে বাংলাদেশ বেশি লাভবান হবে বলে বার্নিকাট বলেছেন।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক নিতে প্রায় ১৬ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয় আমদানিকারকদের। 

মুজিবুল হক চুন্নু বলেন, কারখানা পরিদর্শন, শ্রমিকদের অধিকার, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

“আমাদের কর্মকাণ্ডে মার্কিন রাষ্ট্রদূত খুশি। আলোচনায় জিএসপির বিষয়টি এনেছিলাম। তিনি (রাষ্ট্রদূত) বলেছেন, যে শর্তগুলো ছিল তা প্রায় সবই আপনারা পূরণ করেছেন। শ্রমিক অধিকারের কিছু কিছু বিষয় এখনও বাকি থাকার কথাও বলেছেন রাষ্ট্রদূত।”

জিএসপি ফিরে পেতে সব শর্ত পূরণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যু এবং তার কিছুদিন আগে তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা যায়।

পরে ওই বছরের মাঝামাঝি বাংলাদেশের জন্য ‘জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস’-জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র।

তখন ওয়াশিংটন জানায়, কারখানাগুলোর কর্ম পরিবেশের উন্নতি এবং শ্রমিকদের সংগঠন করার সুযোগসহ ১৬টি শর্ত পূরণ হলে তবেই এ সুবিধা ফেরত দেওয়া হবে।

এরপর থেকে সরকারও পোশাকখাতের নিরাপত্তা, শ্রমিক অধিকার সুরক্ষা ও তাদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। কারখানাগুলোর উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে সেখানে চালানো হয় যৌথ পরিদর্শন।

গত দুই বছরে সংগঠনের অধিকার, সামষ্টিক দরকষাকষি ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইন সংশোধন করেছে বাংলাদেশ।

দেশে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় মানবপাচারের ঘটনা বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “এটা বোধ হয় ঠিক না। আমাদের শ্রমের বাজারে প্রতি বছর প্রায় ১২ থেকে ১৫ লাখ নতুন লোক আসে। আমরা সবাইকে প্রভাইড করতে পারি না। তাই বলে এমন হবে- এটা ঠিক না।

“আমার মনে হয় চক্র আছে, যারা এ ধরনের নিরীহ লোকদের মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস ও মিথ্যা প্রলোভন দিয়ে এ পথে ঠেলে দিচ্ছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ।”

মানবপাচার নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “মর্মান্তিক এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কাজ করছে। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও কাজ করছি।”

রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকের সময় শ্রম সচিব মিকাইল শিপার ছাড়াও শ্রম মন্ত্রণালয় এবং দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।