২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিযোগাযোগ দিবস নিয়ে ৩ দিনের অনুষ্ঠান

জনগণের মধ্যে টেলিযোগাযোগ সেবা ও নতুন উদ্ভাবনী ছড়িয়ে দিতে তিন দিনব্যাপী ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উদযাপন করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

‘টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি: উদ্ভাবনের চালিকাশক্তি’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে।

রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দিবসের বিস্তারিত তুলে ধরেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর  রহমান চৌধুরী এবং বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস।

ফয়জুর রহমান চৌধুরী বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০১৫  এবং আন্তজার্তিক টেলিযোগাযোগ সংস্থা( আইটিইউ) এর ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে।”

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পৃথক বাণী দিয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান- বিটিআরসি, বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল কোঃ, টেশিস, কেবল শিল্প সংস্থা এবং বিভিন্ন বেসরকারি মোবাইল অপারেটরসহ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সংস্থাগুলো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সচিব।

অনুষ্ঠানের বর্ণনা দিয়ে সচিব জানান, আগামী ১৮ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি থাকবেন ।

এ উপলক্ষে বাংলাদেশ ডাক অধিদপ্তর ১টি স্মারক  ডাক টিকিট অবমুক্ত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক ডাকটিকিট উন্মুক্ত করবেন এবং অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরন করবেন।

একই স্থানে সন্ধ্যায় টেলিযোগাযোগ ও আইসিটি বিশেষজ্ঞগণের অংশ গ্রহণে চারটি বিষয়ের উপর এক সেমিনারের আয়োজন করা হয়েছে বলে জানান টেলিযোগাযোগ সচিব।

দিবসের প্রতিপাদ্যের সাথে সমন্বয় রেখে ১৯ মে  সকাল ১১টায়  মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মহাখালী, উত্তরা হয়ে বিআইসিসি পর্যন্ত রোড শো ও শোভাযাত্রা এবং ওই দিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, “দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো জনগণকে ইন্টারনেট, মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সেবা ও নতুন উদ্ভাবন সম্পর্কে পরিচিত ও সচেতন করে তোলা এবং জনগণের অংশগ্রহণ ও ডিজিটাল বৈষম হ্রাসে উদ্যোগ গ্রহণ করা।”

এ সময় বিটিআরসি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান ও অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইইউটি) প্রতিষ্ঠতি হয়। আর ১৯৬৯ সাল থেকে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। ২০০৬ সাল থেকে এটিকে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস হিসেবে পালন করা হচ্ছে।

বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ আইটিইউ-এর সদস্য। বাংলাদেশ বর্তমানে (২০১৫-২০১৮)  আইটিইউ-এর কাউন্সিল সদস্য।