২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে ৭১০ কোটি টাকার লেনদেন

গত সপ্তাহে ঘুরে দাঁড়ানোর আভাস দেওয়ার পর চলতি সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাতশ কোটি টাকা ছাড়িয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

দিনভর সূচকে ওঠানামা চললেও শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী সূচক নিয়েই লেনদেন শেষ হয়েছে এ বাজারে।

ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স রোববার ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৫ পয়েন্ট হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৪৯ পয়েন্ট।

ডিএসইতে এদিন ৭১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ১৬ শতাংশ বেশি এবং চলতি বছরের সর্বোচ্চ লেনদেন।

আগের কার্যদিবসে এ বাজারে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

বেশ কিছুদিন পর গত সপ্তাহে পুঁজিবাজারের সূচকে উল্লম্ফন দেখা গেলেও সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দরপতনে লেনদেন শেষ হয়।

বৃহস্পতিবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমেছিল। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছিল ৭৩ পয়েন্ট।

তবে সবমিলিয়ে গত সপ্তাহে ডিএসইএক্স ১৯৩ পয়েন্ট বোড়ে, আর সিএএসপিআই বাড়ে ৬৩৫ পয়েন্ট।

বৃহস্পতিবার সূচক খুব একটা না বাড়লেও লেনদেন বাড়ার মধ্য দিয়ে ইতিবাচক ধারায় ফেরার ইংগিত মিলেছে দুই পুঁজিবাজারেই।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা নিয়মিত কেনাবেচা করেন তারা দাম বাড়লে বিক্রি করে দিয়ে মুনাফা করেন। সে কারণে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় দাম কমে যায়। এ বিষয়টিকে মূল্য সমন্বয় বলে।

“টানা কয়েকদিন বাড়ার পর গত সপ্তাহের শেষ দিকে এসে বাজারে ‘মূল্য সমন্বয়’ হয়েছিল। এটা বাজারের স্বাভাবিক ঘটনা, পৃথিবীর সব বাজারেই এমন ঘটে।”

‘আগামীতে বাজার ভালো যাবে’- এমন প্রত্যশা জানিয়ে আজিজুল ইসলাম বলেন, বাজার নিয়ে বিএসইসি, কেন্দ্রীয় ব্যাংক, ডিএসই, সিএসই, আইসিবি, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ‘সক্রিয়’ বলেই তার মনে হচ্ছে।

“এ কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা ফিরে এসেছে। বাজেটকে কেন্দ্র করেও এক ধরনের আশার সঞ্চার হয়েছে।”

সব মিলিয়ে বাজার ‘ইতিবাচক ধারায় ফিরছে’ বলে মনে করেন মির্জ্জা আজিজুল ইসলাম।

এদিন ডিএসইতে লেনদেনে থাকা ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে ১০৬টির দর বেড়েছে, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হল- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, আরএকে সিরামিকস, খুলনা পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ারটেক, এসিআই ফরমুলেশনস, এমজেএল বিডি,ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিডি থাই এবং বারাকাত পাওয়ার।

সিএসইতে রোববার ১০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭৭টির দর বেড়েছে, ১৪০টির কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।