২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী খননে বিশ্ব ব্যাংকের অর্থ নিতে পরামর্শ শরণের

বাংলাদেশ-ভারত নৌ প্রোটোকলের অধীনে যেসব নদী রয়েছে, তা খননে যৌথভাবে বিশ্ব ব্যাংকের কাছে তহবিল চাইতে আগ্রহী ভারত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 09:51 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বুধবার ‘বাংলাদেশ-ভারত অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ও বাণিজ্য প্রটোকল : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এই আগ্রহের কথা জানান ঢাকায় দেশটির হাই কমিশনার পঙ্কজ শরণ।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ(এমসিসিআই) ও ভারতীয় হাই কমিশনের যৌথ উদ্যোগে মতিঝিলে চেম্বার ভবনে এ সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছিলেন প্রধান অতিথি।

পঙ্কজ শরণ বলেন, “এই প্রোটোকল যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে দুই দেশে শিল্প ও বাণিজ্য উপকৃত হবে। কিন্তু দুই সরকারের মধ্যে সমন্বয় করা জটিল কাজ।”

“তবে আমরা মনে করি এ খাতে প্রচুর বিনিয়োগ হওয়া দরকার। এজন্য দরকার যৌথ উদ্যোগ ও আলোচনা। ভারত খুবই খুশি হবে, যদি নৌ প্রোটোকলের অধীনে যেসব নদী রয়েছে তার ড্রেজিংয়ের জন্য বাংলাদেশ ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্ব ব্যাংকের কাছে তহবিল চায়।”

ট্রানজিট ফি বিষয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, “ফি বিষয়ে দাবি তোলার অধিকার বাংলাদেশের আছে। তবে বিষয়টি বাজারের ওপর ছেড়ে দেয়া উচিত বলে মনে করি।”

বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ যোগাযোগ নিয়ে চুক্তিটি গত এপ্রিলে ৫ বছরের জন্য নবায়ন হয়েছে। এই নৌ প্রটোকলের অধীনে বাংলাদেশের আশুগঞ্জ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, মংলা ও খুলনা বন্দর এবং ভারতের কলকাতা, হলদিয়া, পান্ডু, শিলঘাট ও করিমগঞ্জ বন্দর রয়েছে।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের বন্দরগুলোতে ভারতের বন্দরগুলো থেকে বা ভারতের বন্দরগুলোতে বাংলাদেশের বন্দরগুলো থেকে জাহাজ (পণ্য ও যাত্রীবাহী) যাতায়াত করে।

এজন্য বাংলাদেশের যেসব নদী ব্যবহৃত হবে তার রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে ১০ কোটি টাকা দেবে বছরে। এছাড়া আর কোনো ফি নেই।

মূল প্রবন্ধে এই প্রোটোকলের অধীনে মাত্র এক ধরনের কার্গো চলাচল করে বলে জানান বিআইডব্লিউটিএর সাবেক সচিব সৈয়দ মনোয়ার হোসেন।

“ফ্লাই এ্যাশ ছাড়া অন্য কোনো পণ্য এই প্রোটোকলের অধীনে আসে না। কারণ নারায়ণগঞ্জ থেকে একটি জাহাজ কলকাতা বন্দরে গিয়ে মালামাল তুলে নারায়ণগঞ্জ ফিরে আসতে ৪০ দিন সময় লাগে। কিন্তু সড়ক পথে সর্বোচ্চ ৭ দিনে পণ্য পৌঁছে যায়।”

অতিরিক্ত সময় লাগার কারণ হিসেবে তিনি চলাচলের অযোগ্য নদী, রাত্রি বেলায় চলার অনুমোদন না থাকা, কাস্টমস প্রক্রিয়ার জটিলতা, কার্গো ও ক্রুদের অদক্ষতা এবং বোঝাই ও খালাস করার অবকাঠামো দুর্বলতাকে চিহ্নিত করেন।

মসিউর রহমান বলেন, ‘মাল্টিমোড ট্রান্সপোর্ট সিস্টেম’ নিয়ে দুই সরকার ভাবতে পারে। এতে শুধু নৌ রুট নয়, সড়ক ও রেল যোগাযোগও বাড়বে।

“দীর্ঘদিন ধরে আমরা নৌ যোগাযোগ ব্যবস্থায় অবহেলা করেছি। কিন্তু নৌ প্রোটোকলে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এটি কাজে লাগাতে দুই দেশকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। কাস্টমস, বর্ডার ও বন্দর সমস্যা সমাধান করতে হবে।”

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা কোস্টাল শিপিং চালু করা যায় কি না, তা নিয়ে গবেষণার পরামর্শও দেন।

শিপরাইটস রিসোর্স লিমিটেডের জেষ্ঠ বাণিজ্যিক উপদেষ্টা মাহবুব আহমেদও সেমিনারে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।