২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুগ্ধ খামারিদের জন্য প্রাণ ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

চুক্তিবদ্ধ দুগ্ধ খামারিদের ঋণ সহায়তা দিতে কর্মসংস্থান ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রাণ ডেইরি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 11:21 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

চুক্তি অনুযায়ী, প্রাণ ডেইরির নির্বাচিত খামারিরা ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন এবং প্রাণ ডেইরির কাছে দুধ বিক্রি করে তা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক (ফিন্যান্স) উজমা চৌধুরী ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. উবায়েদ উল্লাহ আল মাসুদ চুক্তিতে সই করেন।

বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এসময় উপস্থিত ছিলেন।  

উজমা চৌধুরী বলেন, প্রাণের চুক্তিবদ্ধ খামারিদের গাভী ক্রয়, শেড নির্মাণ, মিল্কিং মেশিন, চপার মেশিন, দুধ বহনের অ্যালুমিনিয়াম ক্যানসহ খামার ব্যবস্থাপনার আধুনিক যন্ত্রপাতি কিনতে ঋণের টাকা ব্যবহার করতে পারবেন।

প্রথম পর‌্যায়ে একশ’ খামারিকে এক থেকে পাঁচ লাখ টাকার ঋণ দেওয়া হবে। পর‌্যায়ক্রমে অন্যান্য খামারিদেরও ঋণ দেওয়া হবে।

নাটোরের গুরুদাসপুর, পাবনার চাটমোহর ও রংপুরে প্রাণ ডেইরির অধীনে নয় হাজারের বেশি খামারি রয়েছেন, যাদের প্রতিপালনে রয়েছে ১৬ হাজার গবাদি পশু।

কোম্পানির পক্ষ থেকে এসব পশুর চিকিৎসা, প্রয়োজনীয় টিকা, খামার স্থাপন বিষয়ক প্রশিক্ষণ, কৃত্রিম প্রজননসহ অন্যান্য কারিগরি সহায়তা দেওয়া হয় বলে দাবি করেন প্রাণ ডেইরির কর্মকর্তারা।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, দেশের কৃষি, শিল্প ও অন্যান্য উন্নয়ন খাতে ঋণ দেয় কর্মসংস্থান ব্যাংক। দুগ্ধ খামার উন্নয়নে অন্যতম অবস্থানে রয়েছে প্রাণ ডেইরি। তাদের দেওয়া তালিকা অনুযায়ী দুগ্ধ খামারিদের এক থেকে পাঁচ লাখ টাকার ঋণ দেওয়া হবে। পরিশোধের সময়সীমাও থাকবে এক থেকে পাঁচ বছর।